ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

টিম বাংলাদেশের জেন নেক্সট

টিম বাংলাদেশের জেন নেক্সট
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ০১:৪৩

মাশরাফি মুর্তজা বিদায় নেওয়ার পথে। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদও খুব বেশি দিন নেই, হয়তো আর বছর চারেক। তাদের উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পথে রয়েছেন লিটন দাস, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদরা। এর বাইরেও দারুণ সম্ভাবনাময় অনেক ক্রিকেটার রয়েছেন, যারা সাকিব-তামিমদের উত্তরসূরি হয়ে উঠতে পারেন। আজ থেকে শুরু হতে যাওয়া নতুন দশকে তাদের অনেকেই হয়ে উঠতে পারেন তারকা। ভবিষ্যতের সম্ভাব্য তারকাদের নিয়েই সমকাল ক্রীড়া বিভাগের এই বিশ্নেষণ...

ব্যাটসম্যান

নাজমুল হোসেন শান্ত

২১ বছর বয়সী এ টপ অর্ডার ব্যাটসম্যানকে নিয়ে অনেক আশা বাংলাদেশের ক্রিকেট কর্তাদের। বয়সভিত্তিক ক্রিকেটে দুর্দান্ত নৈপুণ্যই এর কারণ। তার পেছনে বিসিবির বিনিয়োগও অনেক। লম্বা দৈর্ঘ্যের ক্রিকেটের জন্যই প্রস্তুত করা হচ্ছে তাকে। তার আন্তর্জাতিক অভিষেকও হয়ে গেছে। এখন পর্যন্ত দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি২০ খেলেছেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এখনও বলার মতো কিছুই করতে পারেননি শান্ত।

নাঈম শেখ

কুড়ি বছর বয়সী নাঈম শেখ নজর কেড়েছেন মূলত ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে দুর্দান্ত ব্যাটিং করে। ২০১৭-১৮ মৌসুমে প্রিমিয়ার ক্রিকেটে খেলতে নেমেই ৫৫৬ রান করেন তিনি। সে সঙ্গে বিপিএলেও রান করেন। তবে প্রিমিয়ার লিগের গত আসরে ৮০৭ রান করে তাকে 'এ' দলে ডাকতে বাধ্য করেন নির্বাচকদের। গত নভেম্বরে ভারতের বিপক্ষে টি২০ অভিষেকও হয়েছে তার। নাগপুরে ৪৮ বলে ৮১ রানের ইনিংসটি দিয়ে ভবিষ্যতের তারকা হিসেবে জানান দিয়ে রাখছেন ফরিদপুরের ছেলে নাঈম।

তৌহিদ হৃদয়

২০১৯ সালে যুব ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক এই বাংলাদেশি তরুণ। ২০ ম্যাচে ১০০১ রান করে নতুন রেকর্ড গড়েছেন তিনি। গত নভেম্বরে টানা তিন সেঞ্চুরি করে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বিশ্বরেকর্ডও গড়েন তিনি। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের মূল ভরসা তিনি।

মাহমুদুল হাসান জয়

বাংলাদেশের ব্যাটিংয়ের আরেক ভরসা হলেন মাহমুদুল হাসান জয়। সদ্য শেষ হওয়া বছরে ২০ ম্যাচে ৯১৫ রান করে দ্বিতীয় স্থানে আছেন তিনি।

সাইফ হাসান

ভীষণ প্রতিভাবান ব্যাটসম্যান। বয়সভিত্তিক ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে এসেছেন ২১ বছর বয়সী সাইফ। মূলত টেস্টের জন্য তৈরি করা হচ্ছে তাকে। গত নভেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়ে যেত তার। শেষ মুহূর্তে ইনজুরিতে পড়ায় সেটা হয়নি।

অলরাউন্ডার

আফিফ হোসেন ধ্রুব

কুড়ি বছর বয়সী আফিফের টি২০ ফরম্যাটে আন্তর্জাতিক অভিষেক হয়ে গেছে দুই বছর হতে চলল। তবে অভিষেকের প্রায় দেড় বছর পর গত সেপ্টেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে দলের চরম বিপদে আট নম্বরে ব্যাটিংয়ে নেমে ২৬ বলে ৫২ রানের ইনিংস খেলে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছিলেন আফিফ। আগে লোয়ার অর্ডারে ব্যাটিং করলেও চলতি বিপিএলে ওপেন করছেন তিনি। সফলতাও পাচ্ছেন। সে সঙ্গে অফস্পিনেও নিয়মিত উইকেট পাচ্ছেন। সামনের দিনগুলোতে জাতীয় দলে অলরাউন্ডার হিসেবে তার প্রতিষ্ঠা পাওয়া এক প্রকার নিশ্চিতই। তবে বিকেএসপিতে পড়ার সময় আফিফ কিন্তু নজরে এসেছিলেন লম্বা দৈর্ঘ্যের ম্যাচে ব্যাটিং সামর্থ্যের জন্য। ১৯ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে চারটি সেঞ্চুরিও আছে। তাই ভবিষ্যতে টেস্টেও দেখা যেতে পারে তাকে।

মেহেদী হাসান

ঘরোয়া ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে বেশ কিছু দিন ধরেই দাপটের সঙ্গে খেলছেন ২৫ বছরের মেহেদী হাসান। টপঅর্ডারে মারকুটে ব্যাটিংয়ের পাশাপাশি নতুন বলে রান আটকাতেও সিদ্ধহস্ত এ অফস্পিনার। ঢাকা প্রিমিয়ার লিগ ও বিপিএলে ধারাবাহিকতার কারণে ২০১৮ সালের শুরুতে জাতীয় দলে ডাক পেয়েছিলেন। শ্রীলংকার বিপক্ষে অভিষেক ম্যাচে অবশ্য তেমন কিছু করতে পারেননি। তবে এবারের বিপিএলে আবার বিধ্বংসী রূপে আবির্ভূত হয়েছেন তিনি। ঢাকা প্লাটুনের হয়ে দুটি ম্যাচে ওপেন করতে নেমে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছেন। বোলিংয়েও সফলতা পাচ্ছেন। কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে তো চার ওভারে ৯ রান দিয়ে দুটি উইকেট নিয়েছিলেন।

স্পিনার

আমিনুল ইসলাম বিপ্লব

বয়সভিত্তিক দলে এই আমিনুল ইসলাম বিপ্লব ছিলেন মূলত মিডল অর্ডার ব্যাটসম্যান, যিনি কি-না মাঝেমধ্যে লেগস্পিনও করেন। কিন্তু ইমার্জিং দলের নেটে তার স্পিন দেখে মনে ধরে যায় সাইমন হেলমটের। গত সেপ্টেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকও হয় তার।

সঞ্জিত সাহা

দারুণ সম্ভাবনা নিয়ে ২০১৬ সালে ঘরের মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করেছিলেন তিনি। কিন্তু ওই বিশ্বকাপেই ডানহাতি এ অফস্পিনারের অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। এরপর ঘরোয়া ক্রিকেটের প্রশ্নের মুখে পড়েছে তার অ্যাকশন। তবে অ্যাকশন শুধরে ইদানীং আবার সফলতা পাচ্ছেন তিনি।

রিশাদ হোসেন

লেগস্পিনার রিশাদকে নিয়ে অনেক আশা নির্বাচকদের। লম্বা গড়নের কারণে বাড়তি বাউন্স পান। লেগস্পিনারদের সবচেয়ে বড় দুর্বলতা যেখানে, সে লাইন-লেন্থও তার ভালো। যে কারণে অনূর্ধ্ব-১৯ দল থেকে এরই মধ্যে 'এ' দলে খেলে ফেলেছেন তিনি।

উইকেটকিপার

আকবর আলী

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপ খেলতে যাচ্ছে। উইকেটের পেছনে গ্লাভস হাতে দক্ষতার পাশাপাশি মিডল অর্ডারে ব্যাটিংয়ে অন্যতম ভরসা তিনি। বিশেষ করে চাপের মুখে তার ইনিংস গড়ার ক্ষমতা এরই মধ্যে প্রশংসিত হয়েছে।

মাহিদুল ইসলাম অঙ্কন

কুড়ি বছর বয়সী এ উইকেটকিপার ব্যাটসম্যানকে নিয়েও নির্বাচকরা বেশ আশাবাদী। ২০১৮ যুব বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। দুই মৌসুম ধরে ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন। এবার কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে বিপিএলেও খেলছেন তিনি।

পেসার

মেহেদী হাসান রানা

এবারের বিপিএলে চমক হিসেবেই আবির্ভূত হয়েছেন বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা। মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, মাশরাফি মুর্তজা, আন্দ্রে রাসেল, কেসরিক উইলিয়ামসদের টপকে টুর্নামেন্টের সেরা উইকেটশিকারির দৌড়ে এক নম্বরে আছেন ২৩ বছর বয়সী এ তরুণ। সাত ম্যাচে তার শিকার ১৪ উইকেট। গতির পাশাপাশি বৈচিত্র্যও আছে বোলিংয়ে।

হাসান মাহমুদ

চলতি বিপিএলে নজরকাড়া আরেকজন তরুণ পেসার হলেন হাসান মাহমুদ। ২০ বছর বয়সী ডানহাতি এ পেসার নজর কেড়েছেন মূলত গতি দিয়ে। বিপিএলের চট্টগ্রাম পর্বের একটি ম্যাচে ১৪৩ কি.মি. গতিতে বোলিং করে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। এ গতির জন্যই তাকে নিয়মিত খেলাচ্ছে ঢাকা প্লাটুন। তাকে নিয়ে বেশ আশাবাদী ঢাকার কোচ সালাউদ্দিন।

মুকিদুল ইসলাম মুগ্ধ

১৯ বছর বয়সী মুকিদুল ইসলাম মুগ্ধও দারুণ বোলিং করছেন চলতি বিপিএলে। রংপুর রেঞ্জার্সের হয়ে চট্টগ্রাম পর্বে মাঠে নামার সুযোগ পেয়ে দারুণভাবে সেটা কাজে লাগান। ঢাকা ও কুমিল্লার বিপক্ষে নজরকাড়া বোলিং করেন তিনি। বিকেএসপির এ তরুণও ভীষণ সম্ভাবনাময়। গতির সঙ্গে বৈচিত্র্যও আছে তার হাতে।

মৃত্যুঞ্জয় চৌধুরী

বয়সভিত্তিক দলে বেশ ক'বছর ধরেই পরিচিত মুখ এই মৃত্যুঞ্জয় চৌধুরী। তরুণ এ পেসার দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের পেস আক্রমণের মূল ভরসা। গতির পাশাপাশি সুইং করাতেও বেশ দক্ষ তিনি। চলতি বছর যুব ওয়ানডেতে ২৪ উইকেট শিকার করেছেন তিনি। তাকে নিয়ে ভীষণ আশাবাদী বয়সভিত্তিক দলের কোচরা।

আরও পড়ুন

×