মাশরাফিদের বিদায়, কোয়ালিফায়ারে চট্টগ্রাম
ছবি: বিসিবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০ | ০৫:২০ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ | ০৬:২৫
বোলার মাশরাফির অভাব ঢাকা প্লাটুন পূরণ করতে পারতো। কিন্তু অধিনায়ক মাশরাফির খামতি থেকে যেতো। বিপিএলের সফলতম অধিনায়ক তিনি। আগে দেশের সেরা পারফরমার হয়েই বিপিএলে খেলেছেন। কিন্তু এবার দলই পাচ্ছিলেন না মাশরাফি। বয়স তো থেমে নেই। বয়সের সঙ্গে বোলিংয়ের ধারও কমেছে। কিন্তু নেতা মাশরাফি এখনও তুখোড়। বঙ্গবন্ধু বিপিএলে দলকে সেরা চারে তুলে তারই প্রমাণ দেন মাশরাফি।
এলিমিনেটর থেকে কোয়ালিফায়ার নিশ্চিত করার গুরুত্বপূর্ণ ম্যাচে তাই হাতে ১৪ সেলাই নিয়ে নেমে যান মাঠে। ব্যাটিংয়ে নামেন-বল করেন। এক হাত দিয়ে ক্রিস গেইলের একটি ক্যাচও ধরেন। কিন্তু একটি ক্যাচ কিংবা শুধু নেতৃত্ব ম্যাচ জেতাতে পারে না। তার জন্য স্কোরবোর্ড দরকার লড়াই করার মতো পুঁজি।
প্রথমে ব্যাট করে ১৪৪ রানে থাকা ঢাকা সেটি পারেনি। চট্টগ্রামের কাছে তাই ১৪ বল থাকতে ৭ উইকেটে হেরে বঙ্গবন্ধু বিপিএল থেকে বিদায় নিয়েছে ঢাকা প্লাটুন। আর দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রাতের ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিপক্ষে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে তারা।
শুরুতে ব্যাট করতে নামা ঢাকার ব্যাটিং মোটেও ভালো হয়নি। ৩০ রানের আগে ৩ উইকেট এবং ৫০ রান হতেই ৬ উইকেট হারায় তারা। ঢাকাকে বাঁচানোর চেষ্টা করেও ৩১ বলে ৩১ রান করে সাজঘরে ফেরেন মুমিনুল হক। পরে পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান ৪১ বলে তিন ছক্কা ও পাঁচ চারে ৬৪ রান করেন। থিসারা পেরেরা ১৩ বলে ২৫ রান করলে মাঝারি মানের রান পায় ঢাকা।
কিন্তু চট্টগ্রামের দুই ওপেনার ক্রিস গেইল এবং জিয়াউর রহমান ঢাকার হাত থেকে ম্যাচ বের করে নেন। দু'জনে যোগ করেন ৪২ রান। জিয়াউর রহমান ১২ বলে ২৫ করে আউট হন। শেষ ওভারে বেশ খরুচে বোলিং করেন এই অলরাউন্ডার। ব্যাটিংয়ে তা পুষিয়ে দেন তিনি। ক্রিস গেইল সুবিধা করতে পারেননি। তিনি করেন ৪৯ বলে ৩৮ রান। তবে ইমরুল কায়েসের ২২ বলে ৩২ এবং মাহমুদুল্লাহর ১৪ বলে ৩৪ রানের ঝড়ে সহজ জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করে চট্টগ্রাম।
