লাল কার্ড খেয়েও বাহবা পাচ্ছেন ভালভার্দে
ছবি: মার্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০ | ০৬:৩৭
সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে মধ্যপ্রাচ্যের ফুটবলপ্রেমিরা দুর্দান্ত এক ম্যাচ উপভোগ করেছেন। স্প্যানিশ সুপার কোপার ফাইনালে টাইব্রেকারে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। নির্ধারিত ৯০ মিনিটের পরে অতিরিক্ত সময়েও গোল শূন্য সমতায় শেষ হয় ম্যাচ।
দু'দল দারুণ সব আক্রমণ করেও গোল করতে পারেনি। তবে ম্যাচের ১১৫ মিনিটে গোল করার দারুণ এক সুযোগ পেয়ে যায় অ্যাথলেটিকো। দলের স্ট্রাইকার আলভারো মোরাতার সামনে রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া ছাড়া কেউ ছিলেন না। নিশ্চিত গোল জেনে বক্সের ঠিক বাইরে মোরাতাকে ফাউল করেন রিয়াল মিডফিল্ডার ফেদে ভালভার্দে। রেফারি তাকে লাল কার্ড দেখাতে দেরি করেননি।
ওই ফাউলই রিয়ালের জয়ের নায়ক বানিয়ে দিয়েছে উরুগুয়ের তরুণ এই মিডফিল্ডারকে। প্রতিপক্ষের ফুটবলার-কোচও তাকে বাহবা দিয়েছেন। অ্যাথলেটিকো গোলরক্ষক জ্লান ওব্লাক বলেন, 'তার ফাউলটা দেখতে হয়তো ভালো নয়। তবে গোলটা বাঁচানোর জন্যই সে তা করেছে। তার ওটা পরিষ্কার লাল কার্ড ছিল।'
অ্যাথলেটিকো মাদ্রিদ কোচ ডিয়াগো সিমিওনে বলেন, 'ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল ওটি। ওই মুহূর্তে যে কেউ ওমন ফাউল করবে। আমি মনে করি, ভালভার্দেকে ম্যাচ সেরার পুরস্কার দেওয়া উচিত। কারণ তার জন্যই শিরোপা জিতেছে রিয়াল। সে দলের জন্য ঠিক সময়ে কার্যকর একটা সিদ্ধান্ত নিয়েছে।'
ম্যাচ শেষে ফেদে ভালভার্দে অবশ্য মোরাতার কাছে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, 'আমি তার কাছে ক্ষমা চেয়েছি। আমি যেটা করেছি সেটা ঠিক হয়নি। কিন্তু আমাকে ওটা করতেই হতো। শেষ পর্যন্ত শিরোপা জেতায় আমি খুশি। ম্যাচ শেষে অনেকে আমাকে অভিনন্দন জানিয়েছেন। তবে আমি মনে করি শিরোপা সবার অবদানেই জিতেছি।'
