ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

হ্যান্ডকাফসহ পালিয়ে লাইভ করা সেই আসামি গ্রেপ্তার

হ্যান্ডকাফসহ পালিয়ে লাইভ করা সেই আসামি গ্রেপ্তার
×

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৩৪

সুনামগঞ্জের শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি আসির মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। পালানোর ২৪ ঘণ্টা পর গত বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ শহরের পানসী রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত বুধবার রাতে শান্তিগঞ্জ উপজেলার দামুদরতুপি পয়েন্ট থেকে আসির মিয়াকে আটক করে পুলিশ। সেখানে তাকে হ্যান্ডকাফ পরানো হলে স্থানীয় কয়েকজন পুলিশ সদস্যের কাছ থেকে তাকে ছিনিয়ে নেন। পরে সেই হ্যান্ডকাফসহ ফেসবুকে লাইভ করে পালানোর বিষয়টি প্রচার করেন আসির।

ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। ঘটনার পর তাকে আবার গ্রেপ্তার করতে সাঁড়াশি অভিযানে নামে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।

সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ জানান, বিশেষ কৌশলে অভিযান চালিয়ে পৌর শহরের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

×