স্টার্টআপ
ফ্রিল্যান্সার থেকে উদ্যোক্তা
নিজের অফিসে ফেরদৌস
আব্দুর রাজ্জাক সরকার
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:১৬
স্নাতক শেষ বর্ষে বন্ধুরা যখন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন ফেরদৌস ইবনে কাদেরের পরিকল্পনা নিজে কিছু করার। বিভিন্ন উদ্ভাবনী আইডিয়া নিয়ে অনেকের দ্বারস্থ হয়েও পাননি প্রয়োজনীয় অর্থায়ন। হতাশ হয়ে পড়েন, নিজের স্বপ্ন পূরণ না হওয়ার আক্ষেপ পোড়াতে থাকে। ঠিক সে সময়ই ২০১১ সালে তথ্যপ্রযুক্তি ভিত্তিক একটি কর্মশালায় অংশগ্রহণ করে ফ্রিল্যান্সিং সম্পর্কে প্রথম ধারণা পান।
মনের কোণে স্বপ্ন ছিল নিজে স্বাধীনভাবে কিছু করার। কিন্তু প্রয়োজনীয় মূলধনের অভাবে সেটা করা হয়নি। ফ্রিল্যান্সিংয়ে মুক্ত পেশাজীবী হয়ে কাজ করা যাবে ভেবে সেটাই শুরু করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ফেরদৌসকে। ফ্রিল্যান্সিং করে যে টাকা আয় করতেন সেখান থেকে কিছু টাকা জমিয়ে রাখতেন নিজের স্বপ্ন পূরণের জন্য। সেই মূলধন দিয়ে নিজ জেলা জামালপুরে গড়েছেন 'টেকনগর' নামে নিজের প্রযুক্তি প্রতিষ্ঠান।
ফেরদৌস ইবনে কাদের বলেন, 'কর্মশালায় ফ্রিল্যান্সিং ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে প্রথম ধারণা পাই। সেটাই ছিল হাতেখড়ি। শুরুতে অনেকে অনুপ্রেরণা দিয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম জিন বিজ্ঞানী ও ধান গবেষক ড. আবেদ চৌধুরী স্যার। ফ্রিল্যান্সিংয়ে দক্ষতা বাড়ানোর জন্য বিদেশ থেকে আমাকে বেশকিছু বইও এনে দিয়েছিলেন। একটা সময় পর এই পেশাটা ভালো লেগে যায়, তখন থেকেই এই অনলাইন উপার্জনকে পেশা হিসেবে বেছে নেই।'
ফেরদৌস ইবনে কাদেরের প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ কয়েকবার গুগল প্লেস্টোর ও অ্যাপ স্টোরের টপ চার্টে স্থান পেয়েছে। এখন পর্যন্ত পৃথিবীর পাঁচটি দেশের কয়েকটি প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপ তৈরি করেছেন তারা। এ ছাড়া ৫০টিরও বেশি দেশের কয়েকটি প্রতিষ্ঠানে ইন্টারনেট মার্কেটিং সেবা দেয় ফেরদৌসের টেকনগর।
তরুণ এই উদ্যোক্তা বলেন, 'মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ও ইন্টারনেট মার্কেটিং সেবার পাশাপাশি বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন তারা। এ ছাড়া সরকারি চাকরিপ্রার্থীরা যাতে আরও সহজে চাকরির প্রস্তুতি ও আবেদন করতে পারে, সে বিষয়ে মোবাইল অ্যাপ তৈরি করছেন।'
ঢাকায় থেকে পড়াশোনা শেষ করে এ শহরেই উপার্জন করে নিজ জেলায় গিয়ে উদ্যোক্তা হওয়ার নজির তেমন একটা দেখা যায় না। সে ক্ষেত্রে যেন একটু ব্যতিক্রম এই উদ্যোক্তা। ফেরদৌস বলেন, 'শুধু উপার্জন নয়, গ্রামের তরুণদের তথ্যপ্রযুক্তি শেখায় আগ্রহী করে তুলতে নিজের জন্মভূমিতে ফেরার সিদ্ধান্ত। জামালপুরে যারা অনলাইন প্রফেশনাল আছেন তাদেরও সহযোগিতা করার উদ্দেশ্য নিয়ে শেকড়ে ফেরা।'
- বিষয় :
- ফ্রিল্যান্সা
- উদ্যোক্তা
