৩০ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৩৮
৩০টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর মধ্যে নবায়ন না করায় কিছু প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে। কিছু ক্ষেত্রে এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে লাইসেন্স পাওয়ায় আগেরটি বাতিল হয়েছে। সোমবার বিটিআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিটিআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএসপি (ক্যাটাগরি-সি) লাইসেন্সের শর্তানুযায়ী, লাইসেন্সধারী প্রতিষ্ঠানের অনুকূলে ইস্যুকৃত লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর উত্তীর্ণ হওয়ার ১৮০ দিন আগেই পরবর্তী মেয়াদের জন্য নবায়নের জন্য আবেদন করতে হয়। এ ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান তাদের লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেনি, সেসব প্রতিষ্ঠান অবৈধ ও অকার্যকর। এ ছাড়া যেসব প্রতিষ্ঠান ইতিপূর্বে প্রাপ্ত আইএসপি লাইসেন্স সমর্পণের জন্য আবেদন জানিয়েছে এবং যেসব আইএসপি লাইসেন্সধারী প্রতিষ্ঠান (ক্যাটাগরি-সি) জোনাল ও নেশনওয়াইড আইএসপি লাইসেন্সপ্রাপ্ত হয়েছে, সেসব প্রতিষ্ঠানের আইএসপি লাইসেন্স (ক্যাটাগরি-সি) অকার্যকর।
এতে আরও বলা হয়, এসব লাইসেন্সের অধীনে এখন সব কার্যক্রম অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। প্রতিষ্ঠানগুলোকে কমিশনের সব পাওনা বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে এক মাসের মধ্যে পরিশোধের জন্য নির্দেশ দিয়েছে বিটিআরসি।
- বিষয় :
- আইএসপি
- লাইসেন্স বাতিল
- বিটিআরসি
