'নিজের বলার মতো একটা গল্প' প্ল্যাটফর্মের সদস্য ৩ লাখ ছাড়াল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২০ | ০৪:৪৩ | আপডেট: ০২ জুলাই ২০২০ | ০৪:৪৬
উদ্যোক্তা তৈরি ও মূল্যবোধ চর্চার অনলাইন প্লাটফর্ম 'নিজের বলার মতো একটা গল্প'-এর সদস্য সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে। বাংলাদেশের ৬৪ জেলাসহ বিশ্বের ৫০টি দেশে ছড়িয়ে আছে এই প্ল্যাটফর্মের সদস্যরা।
তিনটি বিষয় নিয়ে কাজ করে অনলাইন প্লাটফর্ম 'নিজের বলার মতো একটা গল্প' – 'চাকরি করবো না চাকরি দেব'। বিষয়গুলো হচ্ছে- উদ্যোক্তা বিষয়ক অনলাইনে টানা ৯০ দিন করে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান অর্থাৎ একজন তরুণকে উদ্যোক্তা হতে যা যা প্রয়োজন তার প্রশিক্ষণ প্রদান এবং ৬৪ জেলায় ও ৫০ দেশে উদ্যোক্তা মিট আপ ও সম্মেলন; মূল্যবোধ, লিডারশিপ, ৯টি বিষয়ে স্কিলস ও একজন ভালোমানুষ হয়ে উঠার চর্চা কেন্দ্র; ভলান্টিয়ারিং এবং সোশ্যাল ওয়ার্ক ও মানবিক কার্যক্রম।
'নিজের বলার মত একটা গল্প' উদ্যোগের প্রেসিডেন্ট, প্রতিষ্ঠাতা ও মেন্টর ইকবাল বাহার বলেন, নিজে স্বপ্ন দেখি ও তরুণদের স্বপ্ন দেখাই – এটা আমার সামাজিক দায়বদ্ধতা, যা আমি কোনো প্রকার পারিশ্রমিক ছাড়া করি এবং প্রতিদিন ২-৩ ঘণ্টা সময় ব্যয় করি এই কাজে। প্রায় অসম্ভব একটি স্বপ্ন আজ সারা বাংলাদেশের ৬৪ জেলার ও ৫০টি দেশের প্রবাসী বাংলাদেশিসহ ৩ লাখ তরুণ-তরুণীদের মাঝে ছড়িয়ে গেছে।
তিনি বলেন, গত ৯০০ দিন ধরে ১০টি ব্যাচের মাধ্যমে চলেছে আমাদের এই অনলাইন কর্মশালা। একদিনের জন্যও আমাদের এই কর্মশালা বন্ধ ছিল না। শুক্রবার, শনিবার, সরকারি ছুটি, এমনকি ঈদের দিনও আমরা সেশান করেছি। এটা সারা বিশ্বে একটি ইতিহাস – এত লম্বা এবং টানা ৯০ দিনের এক একটা ব্যাচ ও টানা ৯০০ দিনের কোনো প্রশিক্ষণ কর্মশালা পৃথিবীতে কেউ কোনোদিন করেনি।
ইকবাল বাহার বলেন, আমরা শুধু স্বপ্ন দেখাইনি, কীভাবে স্বপ্নকে বাস্তবায়ন করতে হয় তা শিখিয়েছি টানা ৯০ দিন ধরে এক একটি ব্যাচে। ৯০ দিন ধরে আমি শুধু উদ্যোক্তা হবার সকল কলা-কৌশল শিখাইনি, শিখিয়েছি কীভাবে একজন ভালোমানুষ হয়ে বুক ফুলিয়ে বেঁচে থাকতে হয়, কীভাবে সমাজের জন্য ও দেশের জন্য কাজ করতে হয় এবং সফল হতে হলে দরকার মা-বাবার দোয়া।
তিনি জানান, গত ৯০০ দিনে একদিনের জন্যও তাদের এই অনলাইন কর্মশালা বন্ধ ছিল না, যা একটি ইতিহাস। এটা শুরু হয়েছিল ২০১৮ সালের ১ জানুয়ারিতে মাত্র ১৬৪ জন তরুণদের নিয়ে।
নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে ইকবাল বাহার বলেন, আমাদের লক্ষ্য আগামী ১ বছরের মধ্যে ১ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করা অন্তত ১০ হাজার উদ্যোক্তা হওয়ার মধ্য দিয়ে। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- নিজের বলার মতো একটা গল্প