ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পিক্সেল সিরিজে স্যাটেলাইট কল সুবিধা

পিক্সেল সিরিজে স্যাটেলাইট কল সুবিধা
×

স্যাটেলাইট কলের সুবিধা পাওয়া যাবে স্মার্টফোনে

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫ | ০১:৩৮ | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ | ১৮:৩৫

অ্যাপল উদ্ভাবিত আইফোনের পর গুগল নির্মিত পিক্সেল ডিভাইস নিয়ে স্মার্টভক্তরা অপেক্ষা করেন অধীর আগ্রহে। নতুন সিরিজ যেন সে কথারই প্রমাণ দিয়েছে। কিছুদিন আগে মেড বাই ইভেন্টে পিক্সেল-১০ সিরিজের স্মার্ট ডিভাইস উন্মোচন করেছে গুগল। নতুন ধারার প্রসেসর, দুর্দান্ত ক্যামেরা আর দীর্ঘস্থায়ী ব্যাটারিতে রয়েছে চমক।

উন্মাদনা কিন্তু এখানে শেষ নয়। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুতই সিরিজে নতুন কিছু ফিচার যুক্ত হতে চলেছে। যার ফলে গ্রাহক স্যাটেলাইট সংযোগের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ভিডিও আর ভয়েস কল করার বিশেষ সুবিধা উপভোগ করতে পাবেন।

স্যাটেলাইট সংযোগে ভিডিও কল

আগস্টের শেষদিকে পিক্সেল-১০ সিরিজের জন্য নতুন আপডেট উন্মোচনের ঘোষণা রয়েছে। আপডেটের মাধ্যমে নতুন ফিচারটি সিরিজের সব ডিভাইসে যুক্ত হবে।
ওই দিন থেকেই আবার সিরিজের সব ডিভাইস বিক্রির জন্য উন্মোচিত হবে। খবরটি গুগল আগেই এক্স প্ল্যাটফর্মে জানিয়ে আগ্রহীদের বিশেষ দৃষ্টি আকর্ষণের প্রচেষ্টা করেছে।

কীভাবে হবে স্যাটেলাইট কল

স্যাটেলাইট সংযোগের মাধ্যমে হোয়াটসঅ্যাপ কল করার জন্য স্ট্যাটাস বারে ছোট্ট স্যাটেলাইট আইকন দৃশ্যমান হবে। সেখানে গ্রাহক ক্লিক করে ওয়াইফাই বা মোবাইল ডেটার মতো কল করা ও গ্রহণের সুবিধা নিতে পারবেন। বিশ্বের মধ্যে প্রথমবার পিক্সেল-১০ সিরিজে এমন স্যাটেলাইট পরিষেবা উপভোগ করতে পারবেন গ্রাহক।

স্যাটেলাইট কল যে শর্তে

নতুন আসা এই ফিচার শুধু সেই স্থানীয় অপারেটরের সঙ্গে কাজ করবে, যাদের ইতোমধ্যে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা সুবিধা রয়েছে। টেলিকম অপারেটররা এ জন্য বাড়তি কিছু চার্জ করতে পারে। আর এ মুহূর্তে হোয়াটসঅ্যাপ ভয়েস ও ভিডিও কলের কথা বলা হয়েছে। ফলে‌ মেসেজ করা যাবে কিনা, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।

ইতোমধ্যে স্যামসাং ও অ্যাপল তাদের ফ্ল্যাগশিপ ফোনে স্যাটেলাইট ফিচার যুক্ত করার কথা নিশ্চিত করেছে। কিন্তু তারা এখন স্যাটেলাইট কল আর এসএমএস করার সুবিধা দেয়। পিক্সেল নিমার্তা গুগল জানিয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্যাটেলাইট কল করার সুবিধা প্রথম পিক্সেল-১০ সিরিজে উপভোগ করা যাবে।

আরও পড়ুন

×