ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬

আনুষ্ঠানিক ঘোষণার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর দামের তথ্য ফাঁস

আনুষ্ঠানিক ঘোষণার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর দামের তথ্য ফাঁস
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ১৫:২৫ | আপডেট: ০৮ আগস্ট ২০২৬ | ১৫:৫৫

স্যামসাংয়ের পরবর্তী ফ্যান এডিশন স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই বাজারে আসার আগেই এর ডিজাইন ও রঙের তথ্য ফাঁস হয়েছে। নতুন রেন্ডারে ফোনটিকে কালো, সবুজ ও বেগুনি-এই তিন রঙে দেখা গেছে। পাশাপাশি বিভিন্ন ফাঁস হওয়া তথ্য থেকে ফোনটির সম্ভাব্য দাম সম্পর্কেও ধারণা পাওয়া গেছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস ৩৬০-এর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ফাঁস হওয়া রেন্ডারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর নকশা চলতি বছরের স্যামসাং গ্যালাক্সি এস২৬-এর সঙ্গে বেশ মিল রয়েছে। ফোনটির পেছনে সামান্য উঁচু ক্যামেরা মডিউল দেখা গেছে। এতে উল্লম্বভাবে সাজানো তিনটি ক্যামেরা সেন্সর এবং পাশে এলইডি ফ্ল্যাশ রয়েছে।

রেন্ডারে ফোনটির কালো, সবুজ ও বেগুনি রঙের সংস্করণ দেখা গেছে। তবে এসব রঙের আনুষ্ঠানিক নাম এখনো জানা যায়নি।

ফোনটির পেছনের প্যানেল ও ফ্রেম সমতল হতে পারে। ডান পাশে পাওয়ার ও ভলিউম বাটন থাকবে। ডিসপ্লেতে পাতলা বেজেল এবং সেলফি ক্যামেরার জন্য মাঝখানে হোল-পাঞ্চ কাটআউট দেখা গেছে। নিচের বেজেল অন্য তিন পাশের তুলনায় কিছুটা মোটা হতে পারে।

সম্ভাব্য দাম
স্যামসাং এখনো স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর দাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে সাম্প্রতিক ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ফোনটির ১২৮ জিবি সংস্করণের সম্ভাব্য দাম ৬৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৬ হাজার টাকা। ইউরোপের বাজারে একই সংস্করণের সম্ভাব্য দাম ৭৯৯ ইউরো বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে বাংলাদেশে ফোনটির চূড়ান্ত দাম এই হিসাবের চেয়ে বেশি বা কম হতে পারে।

সম্ভাব্য ফিচার
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-তে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। ফোনটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি এবং ৪৫ ওয়াট তারযুক্ত ও ১৫ ওয়াট তারবিহীন চার্জিং সুবিধা থাকার কথা শোনা যাচ্ছে।

ফোনটিতে স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস ২৫০০ চিপসেট এবং ১২ জিবি র‍্যাম থাকতে পারে। এটি অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক ওয়ান ইউআই ৯ অপারেটিং সিস্টেমে চলতে পারে। ফোনটি আইপি৬৮ রেটিংসহ আসতে পারে বলেও আগের ফাঁস হওয়া তথ্যে দাবি করা হয়েছে।

গ্যালাক্সি এস২৬ এফই আগামী সেপ্টেম্বর মাসে উন্মোচন হতে পারে। জার্মানিতে অনুষ্ঠেয় আইএফএ ২০২৬-এর সময় ফোনটি উন্মোচনের সম্ভাবনার কথাও বলা হচ্ছে। তবে স্যামসাং এখনো ফোনটির আনুষ্ঠানিক উন্মোচনের তারিখ, দাম বা পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন নিশ্চিত করেনি।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

×