ডিজিটাল বিচ্ছিন্নতা উদ্বেগ নিয়ন্ত্রণ করে
আইসিটি ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ০৭:৩৪
| প্রিন্ট সংস্করণ
স্মার্টফোন কেড়ে নিয়েছে সময়। যেন ঘোরে ডুবে থাকা সারাক্ষণ। জেগে থাকার পুরোটা সময়েই যেন চোখ দখলে নিয়েছে স্মার্ট পর্দা। ভাবনায় সেকেন্ডের ব্যবধানে দৃশ্যবদলের রকমফের।
চাপা অস্থিরতা তৈরি হচ্ছে মনের অজান্তে। বলতে গেলে, সব সময়ের সঙ্গী হাতের স্মার্টফোনই যেন ভাবনায় ছড়াচ্ছে অযাচিত বিষয়।
তৈরি হচ্ছে চাপা অস্থিরতা
স্মার্টফোন যেন জীবনেরই অংশ এখন। তথ্য সংগ্রহ, যোগাযোগ, বিনোদন, নিত্যপ্রয়োজনীয় সব কাজেই স্মার্টফোনের ওপর নির্ভরশীলতা কমানোর যেন সুযোগ নেই। কিন্তু সুবিধার অন্যদিকে স্মার্টফোন নির্ভরতা মানসিক স্বাস্থ্যের ওপর কী নেতিবাচক প্রভাব ফেলছে, তা নিয়ে গবেষণা চলছে। বিশেষ করে কতটা উদ্বেগ সৃষ্টির কারণ স্মার্টফোন, তা খতিয়ে দেখা হচ্ছে। সামাজিক মাধ্যমে যখন-তখন চেনা-অচেনা মানুষের জীবনচিত্র দেখে যে কেউ অজান্তে অন্যের সঙ্গে নিজের সামাজিক, পারিবারিক ও অন্যসব অবস্থার তুলনায় বুঁদ হয়ে পড়েন। সামাজিক মাধ্যমে নানামুখী নেতিবাচক মন্তব্য
বা সমালোচনার মুখোমুখি হওয়ার আশঙ্কা উদ্বেগের মাত্রা বাড়িয়ে তোলার পেছনের অন্যতম কারণ হিসেবে সামনে আসছে। সামাজিক মাধ্যমে ক্রমাগত দৃশ্যমান ছবি, ভিডিও বা ব্যক্তিগত বার্তালাপের ধারাবাহিক প্রবাহ মস্তিষ্কে বিরূপ চাপ সৃষ্টি করতে পারে। অনেক সময় মনোযোগ ধরে রাখা দুরূহ
করে তোলে। ফলে উদ্বেগের মাত্রা ক্রমান্বয়ে বাড়তে থাকে বলে গবেষণা সূত্রে জানা গেছে।
ঠিক ঘুমের আগে স্মার্টফোন ব্যবহার করলে ফোনের নীল আলো মস্তিষ্কে মেলাটোনিন নামের হরমোনের নিঃসরণে বাধা সৃষ্টি করে, যা ঘুমের ওপর বিরূপ প্রভাব ফেলে। ফলে ঘুমের ব্যাঘাত হয়। এতে বাড়ছে উদ্বেগ আর দুশ্চিন্তা।
ডিজিটাল বিচ্ছিন্নতা
ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেটের প্রতি অতিরিক্ত মনোযোগ বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন করে দেয়। ক্রমে তা সামাজিক বিচ্ছিন্নতার দিকে ঠেলে দেয়। ফলে মানসিক চাপ ও উদ্বেগ বাড়তে পারে।
বিশেষজ্ঞরা কী বলছেন
স্মার্টফোন ব্যবহারের সময়সীমা থাকা শ্রেয়।
প্রতিদিন কতক্ষণ স্মার্টফোন ব্যবহার করা হবে, তা আগে থেকে নির্ধারণ করতে হবে। ঠিক ওই সময়সীমা মেনেই প্রতিদিনের স্মার্টফোন ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব।
সুনির্দিষ্ট কিছু কাজের সময়ে, যেমন– ঘুমানোর ঘণ্টাখানেক আগে, খাওয়ার সময়ে, গাড়ি চালানোর সময়ে ফোন ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
- বিষয় :
- প্রযুক্তি