ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

অ'লীগ সরকারের সময়ে নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত: আফরোজা আব্বাস

অ'লীগ সরকারের সময়ে নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত: আফরোজা আব্বাস
×

ছবি: সমকাল

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২২ | ০৪:৫৩ | আপডেট: ২৮ মার্চ ২০২২ | ০৫:০৪

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, ‘বিএনপি সরকার নারীদের সবচেয়ে বেশি মূল্যায়ন করেছে। আর এই আওয়ামী লীগ সরকারের সময়ে নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত। আমরা এই অবৈধ সরকারের পদত্যাগ চাই। এই অবৈধ সরকারের মায়ের মমতা আমরা চাই না।’

সোমবার দুপুরে পঞ্চগড় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত পঞ্চগড় জেলা মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আফরোজা আব্বাস বলেন, ‘চারিদিকে মানুষ না খেয়ে আছে। আর তারা সাধারণ জনগণের কষ্টে উপার্জিত টাকা জনগণের পিঠে চাবুক মেরে লুটপাট করে বিদেশে পাচার করছে। আমরা মুক্তি চাই, আমরা গণতন্ত্র চাই, আমরা বাক স্বাধীনতা চাই, আমাদের দেশে আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই।’

তিনি বলেন, ‘দেশে এখন রাজনৈতিক নৈরাজ্য চলছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বুভুক্ষ মানুষের হাহাকার। একদিকে সরকার সীমাহীন অর্থসম্পদ লুটপাটে ব্যস্ত, অন্যদিকে জনগণের ওপর চলছে নির্যাতন। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এই জুলুমবাজ সরকারের কাছ থেকে পরিত্রাণ পেতে বেগম খালেদা জিয়ার বলিষ্ট নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।’

আফরোজা আব্বাস বলেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রেসিডেন্ট আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। একমাত্র তিনিই জীবনের প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে পাঁচটি আসনে জয়লাভ করেছিলেন। আগামী দিনে আবার বিএনপি ক্ষমতায় আসবে দেশকে ও দেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র উপহার দেবেন।’

জেলা মহিলা দলের সভাপতি রীনা পারভীনের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, সহ-সভাপতি নাজমুন নাহার বেবী, মমতাজ বেগম লিপি, রেজেকা সুলতানা ফেন্সী, জিন্নাত আরা রোজী, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, বিএনপি নেতা আদম সুফী, রেজাউল করিম শাহীন, মির্জা নাজমুল ইসলাম কাজল, সুলতানা রাজিয়া, লাইলী বেগম, লায়লা আঞ্জুমান্দ বানু মুক্তি প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন

×