প্রধানমন্ত্রীর উপহার
চট্টগ্রামে শিক্ষার্থীদের জন্য ১০ বাস উদ্বোধন শিক্ষা উপমন্ত্রীর
স্কুল শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ১০টি বাস উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল- সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ০৭:৪৪ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ | ০৮:০৫
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, পদ-পদবি পেতে বড় নেতাদের পিছনে ঘুরাঘুরি ছাত্র নেতাদের কাজ নয়। পদ-পদবির পিছনে না ছুটে আত্মকর্মসংস্থানমুখী জীপনযাপন করা শিখতে হবে।
শনিবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম সংলগ্ন মাঠে চট্টগ্রামের স্কুল শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ১০টি বাসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রোববার থেকে চট্টগ্রাম নগরীতে শিক্ষার্থীদের জন্য বাসগুলো চলবে। মাত্র পাঁচ টাকা ভাড়া দিয়ে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা এ বাসগুলোতে চড়তে পারবে।
শিক্ষা উপমন্ত্রী নওফেল আরও বলেন, মুজিব বর্ষের মাহেন্দ্রক্ষণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাতৃস্নেহে চট্টগ্রামের স্কুল ছাত্রদের জন্য ১০টি বাস উপহার দিয়েছেন। চট্টগ্রামের শিক্ষার্থীরা অনেক ভাগ্যবান বলেই এতবড় উপহার পেয়েছে। অতীতে আমরা আত্মীয়-পাড়া-পড়শির পুরোনো বই নিয়ে পড়তাম। এখন প্রধানমন্ত্রী ইংরেজি বর্ষের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন। প্রধানমন্ত্রীর দেওয়া বাসগুলোর মেইন্টেইনেন্স ব্যয় বহন ও কর্মসংস্থান সৃষ্টি করার জন্য জিপিএইচ ইস্পাতকে ধন্যবাদ জানান উপমন্ত্রী।
চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু হাসান সিদ্দিক, মাউশির মহাপরিচালক ড. সৈয়দ গোলাম ফারুক ও বিআরটিসির ম্যানেজার (অপারেশন) এম. জেড. রহমান।
অনুষ্ঠানে আলমাস শিমুল বলেন, প্রধানমন্ত্রীর উপহার ১০টি বাসের সাথে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এ ধরণের ভালো কাজের সঙ্গে আমরা সবসময় থাকতে চাই।
