ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ক্রেতা-ব্যবসায়ী দ্বন্দ্ব, হিজলায় বিক্ষোভ- অবরোধ

ক্রেতা-ব্যবসায়ী দ্বন্দ্ব, হিজলায় বিক্ষোভ- অবরোধ
×

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২ | ০৩:৩৩ | আপডেট: ২৩ এপ্রিল ২০২২ | ০৩:৩৩

বরিশালের হিজলা উপজেলা সদরে জুতার দোকানে ক্রেতা-ব্যবসায়ীর কথাকাটাকাটির জেরে মারামারির ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার সকালে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।

তাদের অভিযোগ, ব্যবসায়ীকে পিটুনির পর থানায় অভিযোগ করা হলেও তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়নি।

তারা জানান, স্থানীয় ব্যবসায়ী তারেকের জুতার দোকানে শুক্রবার বিকেলে জুতা কিনতে আসেন হিজলা উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য শিল্পী বেগম ও তার স্বামী রিপন ব্যাপারী। একপর্যায়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন রিপন ও তারেক। সেদিন সন্ধ্যা ৬টার দিকে ১০-১২ জনকে সঙ্গে নিয়ে ওই দোকানে হামলা চালান রিপন। এ সময় দোকানটি ভাঙচুর ও তারেককে ব্যাপক মারধর করা হয়। একপর্যায়ে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এলে তারা চলে যান। তারেককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

শনিবার বেলা ১১টার দিকে দোকানপাট বন্ধ রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা। পরে ঘটনাস্থলে যান হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুস মিয়া। তারা অবিলম্বে দায়ীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেন।

ওসি ইউনুস মিয়া বলেন, দুই পক্ষই থানায় পৃথক দুটি অভিযোগ দিয়েছে। আমরা তদন্ত করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেব। এখনও কোনো পক্ষের অভিযোগ মামলা

হিসেবে নথিভুক্ত করা হয়নি। যেহেতু দুপক্ষই একই এলাকার, তাই বিষয়টি স্থানীয়ভাবে নিরসনের চেষ্টা চালানো হচ্ছে।


আরও পড়ুন

×