ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রুয়েট ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে কার্যনিবাহী সদস্যের মামলা

রুয়েট ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে কার্যনিবাহী সদস্যের মামলা
×

রাবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০ | ০৯:১১

মারধরের অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন আরেক নেতা। 

গত রোববার মধ্যরাতে নগরীর মতিহার থানায় মামলাটি করেন নির্যাতনের শিকার শাখা ছাত্রলীগের কার্যনিবাহী সদস্য অর্ণব পিউস বিশ্বাস। এতে আরও তিন-চারজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় মঙ্গলবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

মামলায় অভিযুক্তরা হলেন- ছাত্রলীগের সভাপতি নাঈমুর রহমান (নিবিড়), সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান চৌধুরী তপু, ইইই বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রাকিব শাহরিয়ার ও লাশিউর রহমান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জাহিদ হাসান ও চন্দন।

মামলার এজাহারে বলা হয়, ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে গত শুক্রবার রাতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানসহ পাঁচ-ছয়জন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলে অর্ণবের কক্ষে গিয়ে তাকে হল ছাড়ার নির্দেশ দেন। শনিবার আবারও তাকে হল ছাড়তে বলেন। পরে রোববার দুপুরে মাহফুজুর রহমান হলের ৩০৮ নম্বরের নিজ কক্ষে অর্ণবকে ডেকে নিয়ে যান। সেখানে পৌঁছামাত্র সভাপতি নাঈমুর রহমানের নির্দেশে মাহফুজুর রহমান, চন্দন, লাশিউর ও জাহিদ জিআই পাইপ দিয়ে তাকে মারধর করেন। অচেতন হয়ে পড়লে অর্ণবের দুই সহপাঠী তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

তবে অর্ণবকে মারধরের বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগের সভাপতি নাঈমুর রহমান বলেন, 'ওই দিন আমি সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাসে ছিলাম না। আমি এ বিষয়ে জানিও না।' 

সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বলেন, 'সে আসলে নেশাগ্রস্ত। মাদক গ্রহণ করে অন্যদের সঙ্গে বিশৃঙ্খল আচরণ করে। তাকে অনেকবার সংশোধনের জন্য বলা হয়েছে।'

মতিহার থানার ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, 'হত্যাচেষ্টার মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।'

আরও পড়ুন

×