খানপুর সীমান্ত থেকে বাংলাদেশির লাশ উদ্ধার
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০ | ০৯:২৯
দিনাজপুর সদর উপজেলার খানপুর সীমান্তে নদীর পাশের নালার কচুরিপানার ভেতর থেকে মকবুল হোসেন (৬৫) নামে বাংলাদেশি এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর সদর উপজেলার খানপুর সীমান্তের ছিট সুন্দরা এলাকায় সীমান্ত থেকে প্রায় একশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পরে কোন অভিযোগ না থাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিহতের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
নিহত মকবুল হোসেন জেলার বিরল উপজেলার ভরতপুর গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে।
জানা গেছে, নিহত মকবুল হোসেন গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। তিনি একই সঙ্গে মৃগী ও মানসিক রোগী। নিখোঁজের ব্যাপারে গত ২৫ জানুয়ারি বিরল থানায় জিডিও করে পরিবারের লোকজন।
সীমান্তে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর-২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শরীফ উল্লাহ আবেদ জানান, ধারণা করা হচ্ছে পানিতে পড়ে মারা যাওয়ার পর লাশ ভাসতে ভাসতে সেখানে গেছে। নিহতের শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন নেই।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি (তদন্ত) বজলুর রশিদ জানান, বিজিবি মকবুল হোসেনের লাশ উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ নিহতের পরিবারের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ তাদের কাছে হস্তান্তর করেছে।
- বিষয় :
- দিনাজপুর
- লাশ উদ্ধার
