ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সেন্টমার্টিনে পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন

সেন্টমার্টিনে পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন
×

মানববন্ধনে অংশগ্রহণকারীদের একাংশ -সমকাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০ | ১০:২৯ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ | ১০:৩৯

'সেন্টমার্টিন দ্বীপ বাঁচাতে নিয়ন্ত্রিত পর্যটন চাই' স্লোগানে সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ-প্রতিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন 'এনভায়রনমেন্ট পিপল'। 

মঙ্গলবার দুপুর ২টায় কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের জেটিঘাটে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনটির ৪৫ স্বেচ্ছাসেবীসহ কয়েকশ' পর্যটক ও দ্বীপের বাসিন্দা উপস্থিত ছিলেন। মানববন্ধনে দ্বীপ বাঁচাতে ৯ দফা দাবি তুলে ধরা হয়।

উল্লেখযোগ্য দাবিগুলো হলো বিদ্যমান প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা আইন কঠোরভাবে প্রয়োগ করা, দ্বীপে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা, পর্যটক ও পর্যটন-সংশ্লিষ্ট যাবতীয় কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা, পর্যটকদের আচরণ নিয়ন্ত্রণ ও নির্ধারণ করা।

এর আগে দ্বীপ রক্ষায় সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটি গত সোমবার সন্ধ্যায় সেন্টমার্টিন বাজার এলাকায় দ্বীপের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে। পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন 'এনভায়রনমেন্ট পিপল'-এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহম্মদ।

এ সময় বক্তব্য দেন চ্যানেল আইয়ের 'জীবন ও প্রকৃতি' অনুষ্ঠান বিষয়ে কপবাজারের উপদেষ্টা সরওয়ার আজম মানিক, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আবদুল হক, ইউপি সদস্য আব্দু রউফ, ব্যারিস্টার শাহরিয়ার ইয়াছিন, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ এম নজরুল ইসলাম, এনভায়রনমেন্ট পিপল-এর পরিচালক মো. হোসাইন, পরিচালক আজিম নিহাদ ও সেন্টমার্টিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক ছৈয়দ আলম।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির আরেক পরিচালক শাহেদ মিজান।

আরও পড়ুন

×