আশুলিয়ায় ঘরে আটকে রেখে পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০ | ১০:৩৬
সাভারের আশুলিয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক পোশাক শ্রমিক। গত রোববার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত আশুলিয়ার বসুন্ধরাটেক এলাকায় একটি ঘরে আটকে রেখে তাকে ধর্ষণ করে পাঁচ বখাটে। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে আসাদুল শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আসাদুল শেখ নাটোর সদর জেলার তেবাড়িয়া গ্রামের সাদেক আলী শেখের ছেলে। সে আশুলিয়ার বাইপাইল বসুন্ধরাটেক এলাকার শাহিনের বাড়ির ভাড়াটিয়া।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই নারী বসুন্ধরাটেক এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। কিছুদিন আগে পাশের বাবর আলীর বাড়ির ম্যানেজার মুসলিম উদ্দিন তার কাছ থেকে দুই হাজার টাকা ধার নেয়। গত রোববার দুপুরে ওই নারী পাওনা টাকা চাইতে বাবর আলীর কক্ষে যান। এ সময় স্থানীয় বখাটে আসাদুল ও তার পাঁচ বন্ধু মিলে ওই নারীকে মিথ্যা অপবাদ দিয়ে চারতলা ভবনের একটি কক্ষে নিয়ে আটকে রাখে। এরপর ওই বখাটেরা পালাক্রমে তাকে ধর্ষণ করে গভীর রাতে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় পরদিন ভুক্তভোগী নারী আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দেন।
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) জিয়াউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ধর্ষক আসাদুলকে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
