ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নারায়ণগঞ্জ বার নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপি প্যানেলের

নারায়ণগঞ্জ বার নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপি প্যানেলের
×

সংবাদ সম্মেলনে প্যানেল নেতারা -সমকাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০ | ১০:৩৭

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম মনোনীত হুমায়ূন-জাকির প্যানেল। 

মঙ্গলবার দুপুর ২টায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগসহ হুমকি-ধমকি এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকার কারণ দেখিয়ে আদালত প্রাঙ্গণে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্ত জানান প্যানেল নেতারা। 

সংবাদ সম্মেলন থেকে নতুন তফসিল ঘোষণা করে ফের নির্বাচনের তারিখ ঘোষণা এবং বর্তমান নির্বাচন কমিশন পরিবর্তনেরও দাবি জানানো হয়। নতুন নির্বাচনের দাবিতে বুধবার থেকে বিএনপিপন্থি আইনজীবীরা লাগাতার আন্দোলনেরও ঘোষণা দেন। সংবাদ সম্মেলন শেষে নির্বাচন কমিশনারদের কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করেন ক্ষুব্ধ আইনজীবীরা।

এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আকতার হোসেন কোনো কথা বলতে রাজি হননি। বুধবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ হবে। এবার সমিতির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯২২ জন।

সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহসভাপতি ও বারের সাবেক সভাপতি এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, এ নির্বাচন কমিশন সরকারি দলের আজ্ঞাবহ। তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোকেই আমরা শ্রেয় মনে করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপিপন্থি প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট হুমায়ূন কবীর, সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট একে আজাদ জাকির, মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আল ইউসুফ খান টিপু, অ্যাডভোকেট নবী হোসেন, অ্যাডভোকেট আবদুল হামিদ খান ভাসানী, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলুসহ বিএনপি প্যানেলের আইনজীবীরা।

এদিকে এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মোহসিন মিয়া বলেন, প্রতিপক্ষ তাদের নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। এটি তাদের অভ্যন্তরীণ ব্যাপার।

মহানগর আ'লীগের সাংগঠনিক সম্পাদকের ওপর হামলা

এদিকে মঙ্গলবার দুপুরে জেলা জজকোর্ট ভবনের দ্বিতীয় তলায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা মালার ওপর নিজ দলীয় প্রতিপক্ষ হামলা করে মারধর করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা মহিলা যুবলীগের একাংশের সভাপতি অ্যাডভোকেট সুইটি ইয়াছমিনের নেতৃত্বে তার অনুসারী নারী আইনজীবীরা মালার ওপর হামলা করে মারধর করেন।

এ ব্যাপারে কথা বলার চেষ্টা করলে মাহমুদা মালা এবং সুইটি ইয়াছমিন কেউই কিছু বলতে রাজি হননি।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেন, বিষয়টি তেমন কিছু নয়। দুই বোনের মধ্যে ভুল বোঝাবুঝি। নিজেদের মধ্যে ছোটখাটো অনেক কিছুই ঘটে।

আরও পড়ুন

×