বরিশাল নগরীর নিরাপত্তায় ১৩ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা
ফাইল ছবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ০৬:৩৪
বরিশাল নগরের ১৩টি পয়েন্টে ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরা স্থাপন করেছে মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। নগরীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএমপির ঊধর্তন কর্মকর্তারা।
মঙ্গলবার বিএমপি কমিশনার কার্যালয়ে সিসি ক্যামেরার কন্ট্রোল রুম উদ্বোধন করেন পুলিশ কমিশনার মো. শাহাবউদ্দিন।
বিএমপির মিডিয়া বিভাগের দায়িত্বরত পরিদর্শক তানজিল হোসেন জানান, নগরের আদালতপাড়া, নথুলতাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, রূপাতলী বাস টার্মিনাল, কাকলীর মোড়, জেলখানার মোড়সহ গুরুত্বপূর্ণ ১৩টি পয়েন্টে মোট ২৯টি সিটি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
তিনি আরও জানান, এগুলো নিয়ন্ত্রণ করা হবে কন্ট্রোল রুম থেকে। এতে করে নগরে নিরাপত্তার পাশাপাশি অপরাধ দমন সহজে নিয়ন্ত্রণে আসবে।
- বিষয় :
- সিসিটিভি ক্যামেরা
- নিরাপত্তা
- বরিশাল
