পুঠিয়ায় ২ শিক্ষিকার চুলোচুলির ঘটনায় মামলা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ০৯:০২
রাজশাহীর পুঠিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষিকার মধ্যে মারামারি ও চুলোচুলির ঘটনা ঘটেছে। এতে এক অন্তঃসত্ত্বা শিক্ষিকা আহত হয়ে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
এ ঘটনায় বুধবার পুঠিয়া থানায় মামলা করেছেন আহত শিক্ষিকা নুরজাহান আক্তার মিনু। জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার গণ্ডগোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মিনুর সঙ্গে অপর শিক্ষিকা শামসুন্নাহার রিনার মারামারি ও চুলোচুলি হয়। মিনু পুঠিয়া পৌর মেয়র রবিউল ইসলাম রবির স্ত্রী এবং রিনা রবির বড় ভাই আবদুর রউফের স্ত্রী।
স্কুলটির প্রধান শিক্ষিকা রাখী দেবী ভাদুড়ী বলেন, তারা সম্পর্কে আপন জা। পারিবারিক বিরোধের জেরে স্কুলে এসে মাঝেমধ্যেই ঝগড়ায় লিপ্ত হতেন তারা। বিষয়টি নিয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাতে কোনো লাভ হয়নি।
স্কুলটির পরিচালনা কমিটির সভাপতি মেয়র রবিউল ইসলাম রবিকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। পুঠিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর মোহাম্মদ মামুন অর রশিদ বলেন, পারিবারিক বিষয় নিয়ে স্কুলে দুই শিক্ষিকার মধ্যে হাতাহাতির ঘটনা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম বলেন, এ ঘটনায় দায়ের মামলায় মেয়রের ভাবি রিনা ও তার স্বামী আবদুর রউফকে বিবাদী করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
- বিষয় :
- চুলোচুলি
- ২ শিক্ষিকা
- মামলা
- পুঠিয়া
