মানসিক ভারসাম্যহীন মা ও সন্তানকে বাঁচাল পুলিশ
পুলিশ সদস্যের কোলে উদ্ধারকৃত নবজাতক -সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০ | ০৭:৫৪
চট্টগ্রামে পুলিশের তৎপরতায় মানসিক ভারসাম্যহীন এক মা ও তার নবজাতক প্রাণে বেঁচেছে।
শুক্রবার সকালে নগরের ডবলমুরিং থানার রেলওয়ে ডকইয়ার্ড এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। পরে মা ও নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলাউদ্দিন সমকালকে বলেন, সকালে টহল ডিউটির সময় খবর আসে রেলওয়ের ডকইয়ার্ড এলাকায় একটি নবজাতক পড়ে আছে। সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে সেখানে যাই। দেখি রক্তমাখা একটি মেয়ে শিশু পড়ে আছে। তার অদূরে মানসিক ভারসাম্যহীন মা রক্তাক্ত অবস্থায় বসে আছেন। তাৎক্ষণিক স্থানীয় এক নারীর সহায়তায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষও এগিয়ে আসে। মাকে গাইনি ওয়ার্ডে ও নবজাতককে আইসিউতে ভর্তি করা হয়েছে।
মোহাম্মদ আলাউদ্দিন বলেন, মায়ের তিন ব্যাগ রক্তের প্রয়োজন হয়েছিল। এক ব্যাগ পুলিশ সদস্য দিয়েছেন। বাকি দুই ব্যাগ হাসপাতাল কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়েছে। তার সমস্ত চিকিৎসা খরচ আমরা করছি। উর্ধ্বতন কর্মকর্তারাও নিয়মিত দেখভাল করছেন। মা ও শিশু সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের তত্ত্বাবধানে থাকবে। পরে যা হওয়ার হবে।
- বিষয় :
- পুলিশ
- চট্টগ্রাম
- নবজাতক উদ্ধার
