শিবগঞ্জে গঙ্গাস্নানে নেমে শিশুর মৃত্যু
নদীর পাড়ে গঙ্গাস্নান করতে আসা লোকজনের ভিড় -সমকাল
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:৪৬
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পাগলা নদীতে গঙ্গাস্নান করতে নেমে নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে ডুবে যাওয়া শিশুটিকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের নাম গোপাল দাস (১৩)। সে জেলার সদর উপজেলার মহারাজপুর গ্রামের চন্দন দাসের ছেলে।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. গুলজার রহমান জানান, দুপুরে শিশুটি তার পরিবারের সঙ্গে সনাতন ধর্মাম্বলীদের উৎসব গঙ্গাস্নানে এসে পাগলা নদীতে নামে। এ সময় শিশুটি সাঁতার না জানায় নদীতে ডুবে গেলে স্থানীয়রা ১ ঘণ্টা চেষ্টার পর দুপুর ১টার দিকে তাকে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় ফায়ার সার্ভিসের একটি দল শিশুটিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
