খুবিতে ৫ ছাত্র নির্যাতনের ঘটনায় একজনের সিট বাতিল
খুলনা ব্যুরো
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:৩৮
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের ৫ জন ছাত্রকে নির্যাতনের অভিযোগে মশিউর রহমান রাজা নামে এক ছাত্রের হলের সিট বাতিল এবং কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে তার সহযোগী আরও ৪ ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রভোস্টদের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী শনিবার এ নোটিশ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ শামীম আকতার জানান, গত ২৭ জানুয়ারি রাতে ইংরেজি ডিসিপ্লিনের ১৯ ব্যাচের ৫ জন ছাত্রকে পর্যায়ক্রমে বঙ্গবন্ধু হলের ১১৭ কক্ষের আবাসিক ছাত্র মশিউর রহমান রাজা নিজরুমে ডেকে পাঠায়।
সেখানে রাজা ও তার ৪ সহযোগী মিলে ওই ৫ জনকে রাতভর নির্যাতন করে।
তিনি বলেন, এ সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর প্রভোস্টদের জরুরি সভায় রাজার সিট বাতিল ও তাকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আরও ৪ জনকে শোকজ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, ৩ দিনের মধ্যে অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জবাব পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, নির্যাতনের শিকার শিক্ষার্থীরা গত বুধবার ইংরেজি ডিসিপ্লিন প্রধানের কাছে ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে লিখিত অভিযোগ করেন।
- বিষয় :
- সারাদেশ
- খুলনা
- খুবি
- ছাত্র নির্যাতন
