জুড়ীতে চা শ্রমিকের মরদেহ উদ্ধার
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:০৮
মৌলভীবাজারের জুড়ীতে বদরী যাদব (৪৩) নামে এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার সাগরনাল চা বাগানের কাছে লেবার লাইনের পাশের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত যাদব শুক্রবার রাতে সাগরনাল চা বাগানের নিজ বাড়ি থেকে বিশেষ কাজে বাইরে যান । এরপর সারারাত তার আর খোঁজ পাওয়া যায়নি।
শনিবার সকাল ৮টার দিকে চা বাগানের লেবার লাইনের পাশের জমিতে যাদবের মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা নিহতের পরিবারের সদস্যদের জানান।
পরে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে জুড়ী থানার পুলিশ ।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সরদার মোবাইল ফোনে মরদেহ উদ্ধারের সত্যতা স্বীকার করে জানান, মৃত ব্যক্তির মাথা, মুখ ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে , তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
