ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

হামলা-মামলা বন্ধ না হলে চসিক নির্বাচনে যাবে না বিএনপি

হামলা-মামলা বন্ধ না হলে চসিক নির্বাচনে যাবে না বিএনপি
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:৩৯

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আসন্ন নির্বাচন সামনে রেখে এখন থেকেই পুলিশ বিভিন্ন প্রক্রিয়ায় অপতৎপরতা শুরু করেছে বলে দাবি করেছেন মহানগর বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেন। এরই অংশ হিসেবে গত ২৮ জানুয়ারি নগরীর নাসিমন ভবনে নগর বিএনপি কার্যালয়ে ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের ওপর পুলিশ গুলি চালিয়েছে বলে দাবি করেন তিনি।

শনিবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। পুলিশি হয়রানি চলতে থাকলে বিএনপি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে জানিয়ে দেন এই বিএনপি নেতা। সেদিনের ঘটনা সম্পর্কে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা. শাহাদাত বলেন, 'চট্টগ্রাম সফররত ছাত্রদল নেতারা নগর বিএনপি কার্যালয়ে বৈঠক করার সময় পুলিশ তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ হামলায় মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাইনুদ্দীন শহিদ, সাংগঠনিক সম্পাদক এইচএম রাশেদ খান, দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কেএম আব্বাস, গাজী শওকতসহ ১০/১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহমুদ আলম সর্দার, সহ-সাধারণ সম্পাদক মাঈনউদ্দীন নিলয়, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, ছাত্রদল নেতা ইব্রাহিম খলিল, মো. বেলালকে গ্রেফতার করে নিয়ে যায়। এমনকি ৩৫ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। ঘটনার সময় উপস্থিত ছিল না এমন নেতাদেরও আসামি করা হয়েছে। মূলত পুলিশ চূড়ান্ত মিথ্যার আশ্রয় নিয়ে তাদের ভবিষ্যৎ পদোন্নতির আশায় ছাত্রদলের নেতাদের ওপর হামলা ও মিথ্যা মামলা দায়ের করেছে। তাই আমরা মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।'

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, সহসভাপতি এমএ আজিজ, মো. মিয়া ভোলা, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, মো. শাহ আলম, আরইউ চৌধুরী শাহীন, ইয়াসিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, আনোয়ার হোসেন লিপু, সাহেদ বক্স, সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মঞ্জু, মো. কামরুল ইসলাম, নগর বিএনপি নেতা হামিদ হোসেন, এসএম সরওয়ার আলম, নগর মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ফাতেমা বাদশা, মনজুর রহমান চৌধুরী, আবদুল হালিম স্বপন, মো. ইদ্রিস আলী।

আরও পড়ুন

×