ধুনটে কৃষককে কুপিয়ে হত্যা
নিহত রঞ্জু মিয়া
ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:৪১
বগুড়ার ধুনটে রঞ্জু মিয়া (৪২) নামের এক কৃষককে কুপিয়া হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত রঞ্জু মিয়া ওই গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রঞ্জু মিয়া একজন আদর্শ কৃষক। চলতি মৌসুমে বোরো ধান চাষ করার জন্য শুক্রবার রাতে নিজের জমিতে পাওয়ার টিলার দিয়ে হাল চাষ করছিলেন। রাত ১০টায় দুর্বৃত্তরা তার উপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত রঞ্জু মিয়ার চাচা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোকবুল হোসেন জানান, রঞ্জু মিয়া একজন আদর্শ কৃষক। দিনরাত পরিশ্রম করে বিভিন্ন ফসলের চাষ করে আসছিল। বোরো ধান চাষের জন্য শুক্রবার রাতে নিজের জমি প্রস্তুত করছিল। এসময় তাকে একা পেয়ে কুপিয়ে হত্যা করেছে র্দূবৃত্তরা।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, রঞ্জু মিয়া নামের এক কৃষককে নিজের জমিতে চাষাবাদ করার সময় কুপিয়ে হত্যা করেছে দূর্বত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করেছে।
বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, খবর পেয়ে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
