ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

গোপালগঞ্জে দুই মন্দিরে আগুন দুস্কৃতকারীর

গোপালগঞ্জে দুই মন্দিরে আগুন দুস্কৃতকারীর
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:২৯

সদর উপজেলায় মন্দিরে দুর্বৃত্তের দেওয়া আগুনে চারটি প্রতিমার সাজসজ্জা পুড়ে গেছে। শুক্রবার রাতে উপজেলার কাজুলিয়া ইউনিয়নের বাজুনিয়া ছোটখোলা সর্বজনীন কালীমন্দিরে এ ঘটনা ঘটে।

এর আগে গত বুধবার সন্ধ্যায় কাজুলিয়া পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজের অস্থায়ী সরস্বতী মন্দিরেও আগুন দেওয়া হয়। কাজুলিয়া ও বাজুনিয়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা এ ঘটনার রহস্য উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন।

প্রশাসন ও পুলিশের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তথ্য উদ্‌ঘাটনে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থা কাজ করছে।

মন্দির কমিটির সভাপতি বিধান চন্দ্র বিশ্বাস বলেন, শুক্রবার রাত ৮টার দিকে দুই দুস্কৃতকারীকে মন্দিরের মধ্যে কিছু একটা ছুড়ে মারতে দেখে গ্রামের এক স্কুলছাত্র। পরে ভয়ে সে বাড়ি চলে যায়। এরপর সুরেশ আরিন্দা নামে এক ব্যক্তি মন্দিরে গিয়ে আগুন দেখতে পান। তার চিৎকারে লোকজন ছুটে এসে আগুন নেভান। এতে কালী, রক্ষাচণ্ডী, শীতলা, শিব মূর্তির কাপড়, অলঙ্কার ও সাজসজ্জা পুড়ে যায়। বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে পুলিশ কেরোসিনের বোতল ও দিয়াশলাই উদ্ধার করেছে।

কাজুলিয়া ইউপি চেয়ারম্যান মাখন লাল দাস বলেন, একটি দুস্কৃতকারী গোষ্ঠী মন্দিরে আগুন দিয়ে এলাকাটি অস্থিতিশীল করার চেষ্টা করছে।

গোপালগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আসলাম খান বলেন, দুটি মন্দিরে আগুনের ঘটনা তদন্তে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। এ ছাড়া কাজুলিয়া স্কুলের ঘটনার ভিডিও ফুটেজ পেয়েছি। সেখানে দুস্কৃতকারীরা মুখোশ পরা ছিল। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

আরও পড়ুন

×