সাংবাদিকতায় জবাবদিহিতা থাকতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৯ মে ২০২২ | ১০:২৩ | আপডেট: ২৯ মে ২০২২ | ১০:২৩
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন, সাংবাদিকদের সম্পর্কে সাধারণ মানুষের ধারণা ভালো না। কিন্তু সাংবাদিকতা একটি মহান ও মহৎ পেশা। এ পেশার গুরুত্ব বজায় রাখতে হলে অপসাংবাদিকদের হাত থেকে সাংবাদিকদের রক্ষা করতে হবে। এ কারণে সাংবাদিকতায় জবাবদিহিতা এবং প্রয়োজনে সাংবাদিকের সাংবাদিকতার অধিকার কেড়ে নেওয়ার বিধান থাকতে হবে।
রোববার ফরিদপুর সার্কিট হাউসে জেলা প্রশাসনের সহায়তায় 'সাংবাদিকতার নীতিমালা, প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ' শীর্ষক এ কর্মশালার আয়োজন করে প্রেস কাউন্সিল।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেস কাউন্সিলের সদস্য ও প্রধানমন্ত্রীর সাবেক তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, সুষ্ঠু সাংবাদিকতার জন্য একদিকে স্বাধীনতা, অপরদিকে নীতি-নৈতিকতা ও দায়িত্ব থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম ও অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল।
কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ নেন। পরে তাঁদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি।
