জিন তাড়ানোর নামে পানিতে চুবিয়ে হত্যা
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:৫৩
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জিন তাড়ানোর নামে কালাম মৃধা (৪৮) নামের এক ব্যক্তিকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, জিন তাড়াতে উপজেলার আউলিয়াপুর গ্রামে কথিত ফকির রিয়াজের বাড়িতে আনা হয় কালামকে। সেখানে পুকুরে চুবানো ও নির্যাতন করা হলে শুক্রবার রাতে কালাম মৃধার মৃত্যু হয়। পরে বাড়ির পাশে বাগানে লাশ ফেলে পালিয়ে যায় ভণ্ড ফকির রিয়াজ। পুলিশ এ ঘটনায় রিয়াজের বোন অনিকা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। কালাম মৃধা পটুয়াখালীর বদরপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের তুজম্বর মৃধার ছেলে।
কালামের স্ত্রী পারভীন বেগম (৩০) জানান, কিছুদিন ধরে তার স্বামী অস্বাভাবিক আচরণ করছিলেন। জিনে ধরেছে ধারণা করে তা তাড়াতে স্বামীকে শুক্রবার সকালে বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর গ্রামের রিয়াজ ফকিরের বাড়িতে নিয়ে যান তিনি। ওই দিন সকাল ১০টা ও বিকেল ৪টায় রিয়াজ বাড়ির পুকুরে দুই দফা তার স্বামীকে চুবায় এবং লাঠি দিয়ে মারধর করে। এতে কালাম মৃধা অসুস্থ হয়ে পড়লে তাকে ওই রাতে রিয়াজ ফকিরের বোন অনিকার বাসায় লুকিয়ে রাখা হয়। জানতে চাইলে তার স্বামী সুস্থ আছে বলে জানানো হয়। রাতেই কালামের মৃত্যু হলে রিয়াজ ফকির বাড়ির পাশে একটি বাগানে লাশ ফেলে পালিয়ে যায়। শনিবার সকালে প্রতিবেশীরা বাগানে লাশ দেখে পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, রিয়াজ ফকির ও তার চাচাতো ভাই অসীম ফকির গাউছে আজম হযরত কালু শাহ দেওয়ান মাজার শরিফের অন্তরালে দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।
পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, কালাম নামে একজনকে চিকিৎসার নামে পুকুরের পানিতে চুবিয়ে এবং শারীরিক নির্যাতন করে হত্যার অভিযোগ তিনি পেয়েছেন। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রিয়াজ ফকির ও সহযোগীরা পালিয়ে গেলেও তার বোন অনিকা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্ত পলাতকদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন পুলিশ সুপার।
