ঘাটলার নিচে মিললো পুকুরে গোসল করতে নামা ভাই-বোনের মরদেহ
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৬ জুন ২০২২ | ১০:০৭ | আপডেট: ০৬ জুন ২০২২ | ১০:০৭
বরিশালের হিজলা উপজেলায় গোসল করতে নেমে পুকুরে ডুবে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়নের চরহিজলা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো চরহিজলা গ্রামের মো. হারুনের ছেলে মোহাম্মদ আলী (৭) এবং পার্শ্ববর্তী মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের আব্দুল লতিফের মেয়ে লিমা আক্তার (৫)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই-বোন।
হিজলা গৌরাব্দি ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন জনান, মেহেন্দীগঞ্জের উলানিয়া থেকে লিমা আক্তার মা-বাবার সঙ্গে নানা বাড়ি চরহিজলা গ্রামে বেড়াতে এসেছিল। কাউকে না বলে দুপুরে নানা বাড়ির মসজিদের পাশের পুকুরে লিমা তার মামাতো ভাই মোহাম্মদ আলীর সঙ্গে গোসল করতে নামে। তারা সাঁতার জানতো না। এক পর্যায়ে তারা পুকুরের পানিতে ডুবে যায়।
পরে পরিবারের লোকজন তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর মসজিদের পাশের পুকুরের ঘাটলার নিচ থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে পরিবার লোকজন। এরপর তাদের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে মোহাম্মদ আলী ও লিমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই দুই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
