বড় ভাইয়ের পিটুনিতে প্রাণ গেল ছোট ভাইয়ের
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০২:৪৮
বরিশাল নগরীতে ভাড়া আদায় নিয়ে বিরোধে বড় ভাইয়ের পিটুনিতে নিহত হয়েছেন ছোট ভাই। শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর বগুড়া সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাইকে গ্রেফতার করা হয়েছে।
নিহত ফরিদ হোসেন (৪৫) বগুড়া প্রধান সড়ক সংলগ্ন জেসমিন ভিলা নামক বাড়ির বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেসমিন ভিলা নামক বাড়ির প্রধান ফটক সংলগ্ন একটি স্টলের ভাড়া আদায় নিয়ে দুই ভাই ফরিদ ও শাহ আলমের মধ্যে বিরোধ ছিল। শনিবার সকালে ফরিদ ভাড়াটিয়া কাজলের কাছে জানুয়ারি মাসের ভাড়া চাইলে কাজল তাকে দিতে অস্বীকার করেন। এ সময় সেখানে শাহ আলমও উপস্থিত হন। তখন দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহ আলম ফরিদকে পিটিয়ে জখম করেন। তাকে উদ্ধার করে শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বরিশাল কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফরিদের ভাই শাহ আলমকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে সবার বড় ভাই মফিজুল ইসলাম নান্না ও তার ছেলে সিয়ামকে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
