ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

খুলনায় ব্যবসায়ীকে অপহরণের সময় ভুয়া পুলিশ সদস্য আটক

খুলনায় ব্যবসায়ীকে অপহরণের সময় ভুয়া পুলিশ সদস্য আটক
×

আটক সোহেল মোল্লা- সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:৩৫

খুলনায় গ্রেপ্তারের নাটক সাজিয়ে ব্যবসায়ীকে অপহরণের সময় এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর রায়ের মহলের মুন্সীপাড়া এলাকা থেকে প্রাইভেটকারসহ ওই ভুয়া পুলিশকে আটক করা হয়।

ভুয়া পুলিশক আটকের সময় ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারের অপহৃত ফোন ফ্যাক্স ও মুদি ব্যবসায়ী সেকান্দারকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ।

আটক সোহেল মোল্লা ওরফে জাকির নড়াইলের লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজারের নোয়াক গ্রামের আসাদ মোল্লার ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, শুক্রবার রাতে নিয়মিত টহল দেওয়ার সময় জিরো পয়েন্ট এলাকায় ডুমুরিয়া থেকে আসা একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো-গ ১৪-২১০২) সিগনাল দেয় পুলিশ। কিন্তু প্রাইভেটকারটি সিগনাল না মেনে রূপসা সেতু বাইপাস সড়ক হয়ে রায়ের মহলের দিকে চলে যায়। বিষয়টি সন্দেহ হলে আড়ংঘাটা থানা পুলিশ ওই গাড়ির পিছু নিয়ে রায়ের মহল পর্যন্ত গিয়ে তাদের আটক করে।

তিনি জানান, এ সময় গাড়িতে তল্লাশি চালিয়ে ব্যবসায়ী সেকান্দারকে মুখে টেপ লাগানো ও হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। গাড়িতে থাকা আরও তিন চারজন দৌড়ে পালিয়ে যায়। কিন্তু সোহেল মোল্লা পালাতে পারেনি।

শেখ মনিরুজ্জামান মিঠু জানান, গাড়ি থেকে পুলিশের দুই সেট পোশাক, মোবাইল, র‌্যাং ব্যাজসহ দোকানের তালা ভাঙ্গার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আরও পড়ুন

×