এসএসসি ও দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ
গৌরনদীতে দুই কেন্দ্রে ১৬ পরীক্ষার্থী বহিষ্কার
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:৫৭
এসএসসি ও দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে মঙ্গলবার বরিশালের গৌরনদী উপজেলার কাছেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে ১৩ জন ও বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, দেশব্যাপী চলমান এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ৫ম দিনে মঙ্গলবার সকালে এসএসসি ও দাখিলের গণিত পরীক্ষা শুরুর সময় কাছেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন। পরীক্ষা শুরুর ২০ মিনিট পরে তিনি ওই কেন্দ্রের পরীক্ষা কক্ষগুলো ঘুরে দেখার সময় অসদুপায় অবলম্বন করে সেটকোড ভরাটের অভিযোগে ১৩ জন দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। বহিষ্কারত ওই ১৩ পরীক্ষার্থী উপজেলার কাছেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, ইল্লা দাখিল মাদ্রাসা, গরঙ্গল দাখিল মাদ্রাসা, হোসনাবাদ মোল্লা মুজিবুর রহমান দাখিল মাদ্রাসা, ও সরিকল তালিমুল কোরআন দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।
অপরদিকে উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্র পরিদর্শনে আসেন বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকদের একটি দল। তারা ওই কেন্দ্রের একজন পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করেন ও দুইজন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে মোট তিন জনকে বহিস্কার করেন। অসদুপায় অবলম্বনে বহিস্কৃতদের দুইজন উপজেলার খাঞ্জাপুর পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ও মোবাইল ফোন নিয়ে প্রবেশকারী বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
