বরিশালের হরিনাথপুরে ১৪৪ ধারা জারি
প্রতীকী ছবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২২ জুলাই ২০২২ | ১২:৪২ | আপডেট: ২২ জুলাই ২০২২ | ১২:৪২
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শুক্রবার রাত ১১টার দিকে হিজলা থানার ওসি মো. ইউনুস মিয়া সমকালকে বলেন, আওয়ামী লীগের দুই পক্ষ হরিনাথপুর ইউনিয়নের গরুর হাট ময়দানে একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ডাকায় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই নির্দেশনা জারি করেছেন।
স্হানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, বরিশাল জেলা আওয়ামী লীগের অনুসারী হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন খান শনিবার সকাল ১০টায় সময় নির্ধারণ করে ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের ঘোষণা দেন গরুর হাট ময়দানে। অপর দিকে একই স্থানে একই সময়ে বরিশাল ৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য পংকজ দেবনাথের সমর্থক হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুর রহমান সিকদার ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা ডেকেছেন।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। হরিনাথপুরের গরুরহাট ময়দানে কোনো পক্ষকে কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। শনিবার সকাল থেকে অতিরিক্তি পুলিশ মোতায়েন থাকবে হরিনাথপুর তথা গরুর হাট ময়দান এলাকায়।
২০১৪ সালে সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগন্জ-কাজীরহাট) আাসনে দলীয় মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই হিজলা ও মেহেন্দিগন্জে আওয়ামী লীগ দ্বিধাবিভক্ত। ২০১৮ সালের নির্বাচনেও মনোনয়ন পেয়ে বিজয়ী হন পংকজ দেবনাথ। ফলে হিজলা- মেহেন্দীগন্জে আওয়ামী লীগের বিভক্তি আরও প্রকট হয়েছে।
