ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

উষ্ণ প্রধান অঞ্চলে করোনাভাইরাস আতঙ্কের নয়: যবিপ্রবি উপাচার্য

উষ্ণ প্রধান অঞ্চলে করোনাভাইরাস আতঙ্কের নয়: যবিপ্রবি উপাচার্য
×

যবিপ্রবি উপাচার্য ও অণুজীব বিজ্ঞানী অধ্যাপক ড. আনোয়ার হোসেন-ফাইল ছবি

যশোর অফিস

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:৩৬

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য ও অণুজীব বিজ্ঞানী অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেছেন, বাংলাদেশসহ উষ্ণ প্রধান অঞ্চলের মানুষের জন্য করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জলবায়ু ও আবহাওয়াগত কারণে বাংলাদেশে এই ভাইরাসের প্রাদুর্ভাব সেভাবে দেখা যাবে না।

শনিবার দুপুরে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে অণুজীববিজ্ঞান বিভাগ আয়োজিত নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. আনোয়ার হোসেন আরও বলেন, চীনে যে নভেল করোনাভাইরাস ছড়িয়েছে, সেটা করোনা গ্রুপের মধ্যে সবচেয়ে দুর্বল ভাইরাস। চীন যেহেতু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। সুতরাং চীন এই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার ফলে সারা বিম্বের অর্থনীতিতে এর প্রভাব পড়েছে। ফেব্রুয়ারি মাস চলে গেলেই বাংলাদেশে গরম শুরু হবে। তখন এটা নিয়ে বাংলাদেশের মানুষের আতঙ্কের কিছু থাকবে না। তবে চীনে যাওয়া আসা মানুষের দ্বারা অন্যদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকলেও সেটা মহামারি আকার নেবে না।

অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. কিশোর মজুমদার, অণুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. তানভীর ইসলাম, ড. সেলিনা আক্তার, প্রভাষ চন্দ্র রায় ও নিগার সুলতানা মেঘলা প্রমুখ। উপস্থাপনা করেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল তারিক ও তামান্না জেরিন অনন্যা। 

আরও পড়ুন

×