নারায়ণগঞ্জে বস্তিতে ভয়াবহ আগুন
মূহুর্তের মধ্যে আগুন পুরো বস্তিতে ছড়িয়ে পড়লে ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে -সমকাল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ২২:৫৩
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার ইসদাইর এলাকায় বাজারের পাশে জলাধারের ওপর অবৈধভাবে গড়ে উঠা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে প্রায় ৬০টি বসত ঘর ও গার্মেন্টসের ঝুটের গুদাম পুড়ে গেছে বলে দাবি বস্তিবাসীদের।
শনিবার রাত পৌনে তিনটায় আগুনের সূত্রপাত হয়। পরে মূহুর্তের মধ্যে আগুন পুরো বস্তিতে ছড়িয়ে পড়লে ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় বস্তির বাসিন্দারা আতংকে ছোটাছুটি করতে থাকেন।
আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া, হাজীগঞ্জ ও আদমজী ফায়ার স্টেশন থেকে ১০টি ইউনিটের দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। তাদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বস্তিবাসী ও স্থানীরদের ধারণা, মশার কয়েল অথবা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, তিনটি স্টেশনের দশটি ইউনিটের দমকল কর্মীদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে কেউ হতাহত বা দগ্ধ হয়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- অগ্নিকাণ্ড
- বস্তিতে আগুন
