করভীতি দূর করতে আইনজীবীদের এগিয়ে আসতে হবে: পরিকল্পনামন্ত্রী
ফাইল ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:১৬
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, রাষ্ট্রের কল্যাণে সঠিক সময়ে কর প্রদানে নাগরিকদের উৎসাহিত করতে হবে। নাগরিকদের করভীতি দূর করতে কর আইনজীবীদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, কর আদায়ে অভিযান নয়, পারস্পরিক আলোচনার মাধ্যমে টার্গেট বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। কর আদায়ে নাগরিকবান্ধব মনোভাব থাকতে হবে। দেশে কর গ্রহণ ও প্রদানে নানা জটিলতার বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, সুষ্ঠুভাবে কর গ্রহণ এবং প্রদানের জন্য আধুনিক গ্রহণযোগ্য ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করব।
বুধবার রাতে নগরীর দরগা গেট এলাকার একটি অভিজাত হোটেলে সিলেট জেলা কর আইনজীবী সমিতির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। এম এ মান্নান বলেন, বর্তমান সময়ে রাজনৈতিক সভ্যতা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত আছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে রাষ্ট্র হিসেবে এবং জাতি হিসেবে আমরা ক্রমশই উন্নতির পথে এগোচ্ছি। সিলেটে কর ভবন নির্মাণের দাবি প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রিপরিষদে শিগগিরই ব্যাপারটি নিয়ে আলোচনা করব।
জেলা কর আইনজীবী সমিতির সভাপতি আবুল ফজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল আলীম পাঠানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট কর অঞ্চলের কর কমিশনার রণজিত কুমার সাহা, কাস্টমস এপাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার ড. গোলাম মো. মুনীর, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. নিজাম উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ উদ্দিন, সিলেট চেম্বার সভাপতি আবু তাহের মো. শোয়েব।
অভিষেক অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার সাহেদ আহমদ চৌধুরী ও পংকজ লাল সরকার, অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর সৈয়দ শামীম আহমদ, মৌলভীবাজার কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বদরুল হোসেন, অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট স্বপন কুমার দাস প্রমুখ।
