ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিএনপি না এলেও যথাসময়ে নির্বাচন হবে: সমাজকল্যাণমন্ত্রী

বিএনপি না এলেও যথাসময়ে নির্বাচন হবে: সমাজকল্যাণমন্ত্রী
×

রংপুর অফিস

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২ | ০৮:০৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২২ | ০৮:০৫

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, গণতন্ত্রকে সুসংহত করতে হলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে। তবে বিএনপি না এলেও সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ তাদের নেতৃত্ব বেছে নেবে। রোববার রংপুর কারমাইকেল কলেজে পাঁচতলা শেখ কামাল ছাত্রাবাস ও শেখ ফজিলাতুন নেছা ছাত্রী নিবাস উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর জনকল্যাণে কাজ করে যাচ্ছেন। এটি বিএনপি মেনে নিতে পারছে না। সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে তারা জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি শুরু করেছে।
করোনার প্রকোপে গোটা বিশ্বের অর্থনীতি নড়বড়ে হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, এরপরও সরকার সংকট সময়ে বিনামূল্যে মানুষকে টিকা ও খাবার দিয়েছে। এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে নতুন করে সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দেশের মানুষের তিন বেলা খাবার নিশ্চিতে সরকার টিসিবি, ওএমএস কার্যক্রম চালু করেছে।
এ সময় উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমজাদ হোসেন, কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক রকিবুস সুলতান মানিক, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রমুখ।

আরও পড়ুন

×