ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ধর্মঘটে সিঅ্যান্ডএফ এজেন্টরা, বন্ধ চট্টগ্রাম কাস্টমস হাউসের কার্যক্রম

ধর্মঘটে সিঅ্যান্ডএফ এজেন্টরা, বন্ধ চট্টগ্রাম কাস্টমস হাউসের কার্যক্রম
×

চট্টগ্রাম কাস্টমস হাউস- ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩ | ১০:০৪ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩ | ১০:০৪

লাইসেন্স বাতিল ও অর্থদণ্ড আরোপের অযৌক্তিক বিধি বাতিল, আইনানুগভাবে পণ্যমূল্য নির্ধারণসহ ৮ দফা দাবিতে চট্টগ্রাম কাস্টমস হাউসসহ দেশের সব শুল্ক স্টেশনে দুই দিনের ধর্মঘট পালন করছে সিঅ্যান্ডএফ এজেন্টরা। ধর্মঘটের মুখে পণ্য ছাড়ের জন্য কোনো বিল অব এন্ট্রি দাখিল হচ্ছে না। এতে করে কাস্টমস হাউজে আমদানি-রপ্তানি সংক্রান্ত সব ধরনের সেবা বন্ধ হয়ে গেছে। বন্দরের ভেতরে কনটেইনার ও পণ্য খালাস স্বাভাবিক থাকলেও বাইরে পরিবহন বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে সিঅ্যান্ডএফ এজেন্টরা কার্যক্রম বন্ধ রেখে স্টেশনের সামনে বিক্ষোভ করেছেন। দাবি মানা না হলে আগামীকাল মঙ্গলবারও ঘোষিত কর্মসূচি পূর্ণদিবস চলবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। এদিকে বিদ্যমান সংকট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৭ ফেব্রম্নয়ারি বৈঠকে বসার প্রস্ত্মাব দিয়েছে সিঅ্যান্ডএফ এজেন্টকে।

চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর, বেনাপোল স্থলবন্দর, কমলাপুর আইসিডি, টেকনাফ স্থলবন্দর, ঢাকার শাহজালাল আন্ত্মর্জাতিক বিমানবন্দরসহ দেশের ৪২টি শুল্ক স্টেশনে প্রায় ১০ হাজার সিঅ্যান্ডএফ এজেন্ট পণ্য খালাসের শুল্কায়নে নিয়োজিত। তারা ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে তাদের কার্যক্রম পরিচালনা করে।

চট্টগ্রাম কাস্টমসের উপ কমিশনার মুহাম্মদ মাহফুজ আলম বলেন, ‘শুল্কায়ন বন্ধ থাকলেও কাস্টমসে অভ্যন্তরীণ দাপ্তরিক কার্যক্রম পুরোদমে চলছে। এনবিআর আলোচনার জন্য চিঠি দিয়েছে। আশা করি সিঅ্যান্ডএফ এজেন্টরা দ্রুত কাজে যোগ দেবেন।’ এনবিআর আলোচনা মাধ্যমে এটির সমাধান করবেন বলে জানান তিনি।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু সমকালকে বলেন, ‘লাইসেন্স বিধিমালা সংশোধনের জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। পণ্যের দাম ইচ্ছেমতো নির্ধারণ না করে আইনানুগ পন্থা অনুসরণের কথা বারবার বলে আসছি। কিন্তু এসব বিষয়ে এনবিআর কোন গুরুত্ব দিচ্ছে না। উল্টো আমদানিকারকের বকেয়া পাওনার দায়ভার আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে। এইচএস কোড ও সিপিসি সংক্রান্ত বিদ্যমান আইনের সংশোধন, লাইসেন্স হস্তান্তর বিধিমালা সহজীকরণের দাবি জানালেও কোনো সুরাহা না হওয়ায় আমরা ধর্মঘট করছি।’

এনবিআরের প্রস্তাবনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি।’ অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য মনিরুল ইসলাম বলেন, ‘আগামীকাল মঙ্গলবারের ঘোষিত কর্মসূচি এখনও বহাল আছে আমাদের।’

আরও পড়ুন

×