রামগতিতে ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানা
উদ্ধার হওয়া অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম- সমকাল
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২০ | ০৫:১৫
লক্ষ্মীপুরের রামগতিতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার সকালে র্যাব-১১ এর সদস্যরা উপজেলার রামগতিরহাট বাজারের একটি ওয়ার্কশপে এ অভিযান চালান। এ সময় কারখানাটি থেকে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
ওয়ার্কশপের আড়ালে কারখানার একটি কক্ষে অস্ত্র তৈরি করা হতো বলে র্যাব জানিয়েছে। এ ঘটনায় তিনটি একনলা বন্দুক, দুইটি এলজিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়ারচর এলাকার বাসিন্দা মো. বাবলু (৩২) এবং একই এলাকার মো. আনোয়ার হোসেন (৫৬)।
র্যাব জানায়, গোপন সংবাদে অস্ত্র ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে র্যাব-১১ এর একটি দল রোববার ভোরে নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়ারচর এলাকায় অভিযান চালায়। এ সময় পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ বাবুল ও আনোয়ারকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুসারে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামগতিরহাট বাজারের রায়হান ওয়ার্কশপে অভিযান চালানো হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রামগতির বড়খেরী ইউনিয়নের মুন্সীরহাট এলাকার সফিউল আলম সফুর ছেলে মো. সাইফুদ্দিন (৪২) প্রায় এক বছর আগে রামগতিরহাট বাজারের ওই ওয়ার্কশপের দোকানটি ভাড়া নেন। উপজেলার চরগাজী ইউনিয়নের টাঙ্কির বাজারে তার আরও একটি ওয়ার্কশপ রয়েছে। রামগতিরহাট বাজারের ওয়ার্কশপটি তার ভাতিজা মো. রায়হান (২৮) পরিচালনা করে আসছেন। রায়হানের বাবা মো. মাইনউদ্দিন পরিবার নিয়ে ফেনীতে বসবাস করছে। ঘটনার পর থেকে সাইফুদ্দিন ও রায়হান দুইজনই পলাতক।
বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, ওই ওয়ার্কশপটি দিনের বেলায় বন্ধ থাকতো। তবে রাতে এর ভিতরে কাজের শব্দ পাওয়া গেলেও ঠিক কী কাজ করা হতো তা স্থানীয়রা অনুমান করতে পারতেন না।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, ওয়ার্কশপের আড়ালে ওই দোকানটিতে অস্ত্র তৈরি করা হতো। আর ওই অস্ত্রগুলো চরের বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর কাছে তারা বিক্রি করতো।
তিনি বলেন, অভিযানকালে ওয়ার্কশপটি থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অস্ত্র আইনে মামলা শেষে আটক বাবুল ও আনোয়ারকে গ্রেপ্তার দেখিয়ে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- রামগতি
