ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

দরবারে হামলা ও হত্যা

জামায়াত ও খেলাফত মজলিস নেতা কারাগারে

জামায়াত ও খেলাফত মজলিস নেতা কারাগারে
×

ফাইল ছবি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ২০:৪৬

কুষ্টিয়ার দৌলতপুরে দরবারে হামলা ও দরবারপ্রধান আব্দুর রহমান শামীম হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এনায়েতুল কবীরের আদালতে আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক শুনানি শেষে এ আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর নেতা খাজা আহমেদ এবং খেলাফত মজলিসের উপজেলা সভাপতি আসাদুজ্জামান।

আদালত সূত্রে জানা যায়, উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার দুই আসামি খাজা আহমেদ ও আসাদুজ্জামান কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা জামিনের পক্ষে যুক্তি উপস্থাপন করলে রাষ্ট্রপক্ষ তার তীব্র বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক এনায়েতুল কবীর তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলাটি অত্যন্ত সংবেদনশীল এবং আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আদালত সার্বিক দিক বিবেচনা করে তাদের জামিন নামঞ্জুর করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) আলী মোর্তজা বলেন, মামলার এজাহারভুক্ত আসামি রাজিব মিস্ত্রি, শিহাবসহ বিভিন্ন সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। আজ প্রধান দুই আসামি আদালতে আত্মসমর্পণ করায় এ মামলায় এজাহারভুক্ত প্রধান আসামিসহ এখন পর্যন্ত ছয়জনকে কারাগারে আটক রাখা হয়েছে।

গত ১১ এপ্রিল পবিত্র কোরআন অবমাননার অভিযোগে ফিলিপনগরে আব্দুর রহমান শামীমের দরবারে হামলা ও ভাঙচুর চালায় এক দল লোক। ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি শামীমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৩ এপ্রিল নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় জেলা শিবিরের সাবেক সভাপতি খাজা আহমেদ, খেলাফত মজলিসের দৌলতপুর উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান, জামায়াতকর্মী রাজিব মিস্ত্রি, স্থানীয় মাদ্রাসার শিক্ষক শিহাবসহ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১৮০-২০০ জনকে আসামি করা হয়।

আরও পড়ুন

×