সকলে মিলে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে: মাশরাফি
প্রধান অতিথির বক্তব্য রাখছেন মাশরাফি -সমকাল
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ০৯:৪৭ | আপডেট: ১৭ মার্চ ২০২০ | ১১:২৭
নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা বলেছেন, সকলে মিলে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে। মাদক সংক্রান্ত তথ্য সংগ্রহে প্রশাসনের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে।
সম্প্রতি নড়াইল ও লোহাগড়ায় দু’টি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি নিন্দা প্রকাশ করে বলেন, গুটি কয়েক লোক গ্রাম্য কোন্দলে মদদ জোগায়। এদেরকে শক্ত হাতে দমনে প্রশাসনকে আরও আন্তরিক ও শক্ত হতে হবে।
লোহাগড়ায় বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
মাশরাফি বলেন, সবসময় আমার পেছনে থাকতে হবে, আমার সঙ্গে সঙ্গে চলতে হবে, এমন কোন কথা নেই। প্রত্যেকের নিজস্ব একটা কাজ থাকে, সেই কাজ গুলো করলে প্রয়োজনে আমি আপনাদের ঘরে এবং পাশে পৌঁছে যাবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নড়াইল জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, সহ সভাপতি শিকদার আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা আ’লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান, লোহাগড়া পৌর আ’লীগের সভাপতি কাজী বনি আমিন প্রমুখ।
পরে প্রধান অতিথি লোহাগড়ায় ২৪ জন ভিক্ষুকদের মাঝে নগদ টাকা ও ছাগল বিতরণ করেন। জয়পুরস্থ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটেন। লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ৬তলা ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন এবং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও সন্ধ্যায় লোহাগড়া-ইতনা-রাধানগর সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন।
- বিষয় :
- নড়াইল
- মাশরাফি বিন মর্তুজা
