মৃত্যু পরোয়ানা শোনানো হলো আজহারকে
এটিএম আজহারুল ইসলাম- ফাইল ছবি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ০৯:৪৯ | আপডেট: ১৭ মার্চ ২০২০ | ০৯:৫৮
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বন্দি একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে। লাল কাপড়ে মোড়ানো মৃত্যু পরোয়ানা গত সোমবার রাতে কারাগারে পৌঁছার পর মঙ্গলবার সকালে কারা কর্তৃপক্ষ তা আজহারকে পড়ে শোনায়।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার দেবদুলাল কর্মকার জানান, এটিএম আজহারের আইনজীবীরা কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা জানিয়েছেন ফাঁসির রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ আবেদন করবেন। পরোয়ানা শোনার পর আজহার কারা কর্তৃপক্ষকে বলেছেন, তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন। আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
কারা কর্তৃপক্ষ জানায়, নিয়ম অনুযায়ী এখন তিনি ফাঁসির রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ আবেদন করতে পারবেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে এই আবেদন না করলে যে কোনো দিন রায় কার্যকর হতে পারে। রিভিউ আবেদন খারিজ হলে আজহারুল ইসলামকে রাষ্ট্রপতির কাছে অপরাধ স্বীকার করে প্রাণভিক্ষা চাইতে হবে। তিনি যদি প্রাণভিক্ষা না চান এবং চেয়েও যদি ক্ষমা না পান, তাহলে রায় কার্যকরের ক্ষণগণনা শুরু হবে। রায় কার্যকরের আগে তিনি শেষবারের মতো পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে আজহারুল ইসলামকে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ফাঁসির দণ্ডাদেশ দেন। একই সঙ্গে ৩০ বছরের কারাদণ্ডও দেওয়া হয়। ২০১৯ সালের ৩১ অক্টোবর তার সেই সাজা বহাল রাখেন আপিল বিভাগ।
গত রোববার আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছানোর পর তার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
