বাগমারায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ১০:১৪
রাজশাহীর বাগমারায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন।
সোমবার রাতে উপজেলার বাসুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নাজিদুল ইসলাম নাইমের (২৫) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে ঘাতক মকিদুল ইসলাম (২০) পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত সোমবার সকালে রান্নার জন্য গাছের পাতা কুড়ানোকে কেন্দ্র করে বাসুপাড়া গ্রামের প্রয়াত আসগর আলীর দুই ছেলে মকিদুল ইসলাম ও নাজিদুল ইসলামের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি হয়। পরে স্থানীয়রা বিবাদ মিটিয়ে তাদের সরিয়ে দেন।
তবে এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিন রাত সাড়ে ১১টার দিকে বাসুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় আবারও দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় মকিদুল ইসলাম বড় ভাই নাজিদুল ইসলাম নাইমকে ধারালো চাকু দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই নাইমের মৃত্যু হয়। ঘটনা জানাজানি হলে মকিদুল পালিয়ে যায়। এ ঘটনায় নিহত নাইম উপজেলা পরিষদ ক্যান্টিনের কর্মচারী ছিলেন।
বাগমারা থানার ওসি আতাউর রহমান জানান, নাইমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের
জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িত
মকিদুল ইসলামকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
- বিষয় :
- রাজশাহী
