বাকৃবিতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ছাত্রকে মারধর
বাকৃবি সংবাদদাতা
প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ১০:৩৬
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ওবাইদুল হক রাব্বি নামের এক শিক্ষার্থীকে মারধর করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের করিডোরে ওই ঘটনা ঘটে। অভিযুক্ত ওবাইদুল বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী, থাকেন আশরাফুল হক হলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের করিডোরে এক ছাত্রীকে যৌন হয়রানি করছিলেন ওবাইদুল। এ সময় অনিক নামের এক শিক্ষার্থী ঘটনাটি দেখে ফেলেন। পরে অনিক ও তার বন্ধুরা মিলে অভিযুক্ত ওবাইদুলকে ধরে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে নিয়ে যান। সেখানে যৌন হয়রানির অভিযোগ তুলে ওবাইদুলকে মারধর করেন তারা। এরপর ওবাইদুলকে আশরাফুল হক হলের গেস্টরুমে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে প্রক্টরিয়াল বডি উপস্থিত হয়ে আহত ওবাইদুলকে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পে নিয়ে যান।
অভিযুক্ত ওবায়দুল যৌন হয়রানির বিষয়টি স্বীকার করে সমকালকে বলেন, যৌন হয়রানি করার সময় অনিক ও তার বন্ধুরা আমাকে দেখে ফেলে। পরে আমাকে ধরে জব্বারের মোড়ে নিয়ে গিয়ে মারধর করার পর আশরাফুল হক হলের গেস্টরুমে নিয়ে যায়। পরে প্রক্টরিয়াল বডি আমাকে উদ্ধার করে।
বিভিন্ন সূত্র জানায়, ওবাইদুলের বিরুদ্ধে যৌন হয়রানির বেশ কিছু অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজহারুল হক বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধের কারণে অভিযুক্ত শিক্ষার্থীকে সংশোধনের জন্য তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির রিপোর্ট অনুসারে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
