ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে সিলেট আ'লীগের নেতাকর্মীরা

শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে সিলেট আ'লীগের নেতাকর্মীরা
×

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে জুতা পায়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা -সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ১০:৪৯ | আপডেট: ১৮ মার্চ ২০২০ | ০৫:০৮

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে মুক্তমঞ্চে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীকে জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে হাঁটাহাঁটি করতে দেখা গেছে। এ সময় উপস্থিত অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকাল থেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতকর্মীদের ঢল নামে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। শহীদ মিনারের মূল বেদিতে জুতা পায়ে ওঠা নিষেধ থাকলেও কেউ কেউ তা মানেননি। সিলেট আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের কয়েক নেতাকর্মীকে জুতা পায়ে বেদিতে উঠতে ও নামতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর একপর্যায়ে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমা বাসিতসহ মহিলা আওয়ামী লীগের নেত্রীরা জুতা পায়েই শহীদ বেদিতে উঠে পড়েন। এ সময় তাদের সঙ্গে থাকা নেতাকর্মীরাও জুতা নিয়ে শহীদ মিনারের বেদিতে উঠে পড়েন।

এদিকে, সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী ও মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রুমেনও জুতা নিয়েই শহীদ বেদিতে ওঠেন। এ সময় তাদের সঙ্গে থাকা শ্রমিক লীগের নেতাকর্মীরাও জুতা নিয়ে শহীদ বেদিতে ওঠেন। তারাও মানেননি শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে ওঠার নিষেধাজ্ঞা।

এ ছাড়া সিলেটের বিভিন্ন অঙ্গনের পরিচিত মুখ ছাড়াও অচেনা আরও কয়েকজন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর সময় শহীদ বেদির বিভিন্ন ধাপ জুতা পায়ে মাড়ান, যা নিয়ে সিলেটে বইছে সমালোচনার ঝড়।

এ ব্যাপারে সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা সমকালকে বলেন, শহীদ বেদিতে জুতা পায়ে ওঠা খুব দুঃখজনক। এটি সবার খেয়াল রাখা দরকার। যেহেতু এ দেশ এমনি এমনি স্বাধীন হয়নি। অনেক ত্যাগ, অনেক বিসর্জন দিতে হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই এ শহীদ মিনার। তাই বেদিতে কোনোভাবেই জুতা নিয়ে ওঠা যাবে না। এটি যেন আর না ঘটে, সে ব্যাপারে সবার খেয়াল রাখা উচিত।

আরও পড়ুন

×