তাড়াশে কলেজের গেট ধসে নিহতের ঘটনায় মামলা
তাড়াশে কলেজের গেট ধসে চারজন নিহত (ফাইল ছবি)
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০৩:৩৯ | আপডেট: ১৮ মার্চ ২০২০ | ০৩:৫২
সিরাজগঞ্জের তাড়াশে ক্যাপ্টেন শহীদ এম. মুনসুর আলী ডিগ্রী কলেজের নির্মাণাধীন গেটের ছাদ ধসে চারজন নিহতের ঘটনায় কলেজটির অধ্যক্ষ আসাদুজ্জামান ওরফে বাচ্চুসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের নামে মামলা হয়েছে।
মঙ্গলবার রাতে দুঘর্টনায় নিহত উপজেলার গাবড়গাড়ী গ্রামের তোজাম্মেল হকের জামাতা আব্দুস সাত্তার বাদী হয়ে তাড়াশ থানায় মামলা করেছেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গোলাম রাব্বীকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন-তাড়াশ ইউএনও ইফফাত জাহান ও তাড়াশ উপজেলা প্রকৌশলী বাবলু মিঞা।
তদন্ত কমিটি গঠনের বিষয়টি তাড়াশ ইউএনও ইফফাত জাহান নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বিকেলে নকশা বহির্ভূত ও ত্রুটিপূর্ণ নির্মাণাধীন গেটের ছাদ ধসে চার ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় এলাকাবাসী কলেজ অধ্যক্ষকে দায়ী করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ক্যাপ্টের মুনসুর আলী ডিগ্রী কলেজের প্রধান গেট নির্মাণের জন্য পার্শ্ববর্তী গুল্টা মিশন থেকে আর্থিক সহায়তা নিয়ে অধ্যক্ষ কাজ শুরু করেন।
এ প্রসঙ্গে ওই কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান জানান, শুধু মিশনের অর্থেই নয় আমার ও অনেকের সহযোগিতায় গেটটি নির্মাণ করা হচ্ছিল।
তবে স্থানীয়দের অভিযোগ, মূলত অর্থ আত্মসাতের উদ্দেশ্যেই অধ্যক্ষ বিপুল অর্থ সংগ্রহ করে নিজেই কলেজের গেট নির্মাণকাজ শুরু করেন। আর তড়িঘড়ি করে গেট নির্মাণের আগে তিনি সঠিক নকশা ও ডিজাইন প্রনয়ণ না করেই বিধি বহির্ভূতভাবে কাজ শুরু করেছেন। আর এতে করে দুর্বল নির্মাণকাজের ফলে কাজ শেষ না হতেই দুর্ঘটনায় চার ব্যক্তি নিহত হন।
ক্যাপ্টেন শহীদ এম. মুনসুর আলী ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য ডা. গজেন্দ্র নাথ মাহাতো জানান, দুঘর্টনাটি বেদনাদায়ক। নিহতদের পরিবারের সদস্যদের জন্য দীর্ঘস্থায়ী কিছু করার পরিকল্পনা রয়েছে আমাদের। আর কলেজ অধ্যক্ষের বিষয়টি কলেজের শিক্ষক, ম্যানেজিং কমিটির সবাইকে নিয়ে সভা করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
