মাদারীপুরে হোম কোয়ারেন্টাইনে না থাকায় দুই প্রবাসীকে জরিমানা
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০৪:১৯ | আপডেট: ১৮ মার্চ ২০২০ | ০৬:০৫
মাদারীপুরের কালকিনিতে কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাঘুরির কারণে স্পেন ফেরত এক প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া ইতালিফেরত একজনকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই আদেশ দেন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত বিভিন্ন দেশ থেকে মাদারীপুরে ২ শতাধিক মানুষ এসেছে। তাদের দ্বারা সংক্রমিত হওয়ার আশঙ্কায় ২২০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এছাড়াও ৪ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। প্রতিটি ইউনিয়নের বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে মাদারীপুর স্বাস্থ্য বিভাগ।
স্থানীয়রা জানান, এক ইতালি প্রবাসী সম্প্রতি মাদারীপুরের শিবচরে আসেন। করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দেওয়ায় তার স্ত্রী সন্তানসহ ৪ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া তার সন্তানরা যাদের সাথে সংস্পর্শে এসেছে এমন ১৯ শিক্ষার্থীকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় প্রতিটি ইউনিয়নের বিদেশ ফেতরদের তথ্য সংগ্রহ করে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রতিনিয়ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না।
