ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

ইউএনওর বিরুদ্ধে নানা অভিযোগ এনে নোয়াখালীর সাংসদ কিরণের সংবাদ সম্মেলন

ইউএনওর বিরুদ্ধে নানা অভিযোগ এনে নোয়াখালীর সাংসদ কিরণের সংবাদ সম্মেলন
×

সংবাদ সম্মেলনে সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ- সমকাল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০৫:২২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুব আলমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ঘুষ গ্রহণ ও অর্থ কেলেঙ্কারির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালী-৩ আসনের (বেগমগঞ্জ) সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সাংসদের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৩ আসানের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ অভিযোগ করে বলেন, গত বছর ১১ জুন মো. মাহবুব আলম উপজেলা নির্বাহী অফিসার পদে বেগমগঞ্জে যোগ দেন; ইউএনওর চেয়ারে বসেই তিনি নানা অনিয়ম দুর্নীতি ও অর্থ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন।

তিনি বলেন, বেগমগঞ্জ সংসদীয় আসনের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বরাদ্দের টাকা থেকে ইউএনও ঠিকাদারদের কাছ থেকে ৫ শতাংশ হারে উৎকোচ গ্রহণ করেন। উপজেলার ১৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত বায়োমেট্টিক হাজিরা মেশিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটি ক্রয় করার নিয়ম থাকলেও ইউএনও নিজে ঠিকাদার সেজে ৭ হাজর ৫শ' টাকার বায়োমেট্টিক হাজিরা মেশিন বিদ্যালয় গুলোতে স্থাপন করেন। প্রতিটি মেশিনের দাম ১৭ হাজার ৫শ টাকা হারে ভুয়া ভাউচার করে ১৯ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন।

সাংসদ মামুনুর রশিদ বলেন, এছাড়া উপজেলার হাট বাজার ইজারা মূল্য থেকে ১৫ শতাংশ হারে টাকা আদায় করেন ইউএনও, ইউনিয়ন পরিষদের উন্নয়নের বরাদ্দ থেকে ৫ শতাংশ হারে টাকা আদায় করেন। রাজস্ব খাতের বরাদ্ধ থেকে ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে ভুয়া প্রকল্প দেখিয়ে ৩৫ লাখ টাকা আত্মসাৎ করেনতিনি। প্রধানমন্ত্রীর তহবিল থেকে বরাদ্দকৃত গৃহহীনদের ঘর নির্মাণ প্রকল্পের ২৪ টি ঘর থেকে (প্রতিটি ঘর ২ লাখ ৫৭ হাজার ও ২ লাখ ৬৭ হাজার টাকা) ইউএনও ১৫ শতাংশ হারে উৎকোচ গ্রহণ করেছেন।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, এক ব্যক্তির কাছ থেকে ৮০ হাজার টাকা দাম করে একটি ঘোড়া কেনেন ইউএনও। কিন্ত ঘোড়ার মালিককে সেই টাকা না দিয়ে তিনি ঘোড়ায় চড়ে বেড়ান। ওই ঘোড়ার খাবারের জন্য উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে গম ও চালের বস্তা গুদাম থেকে তার বাস ভবনে নিয়ে যান।এছাড়া আরও নানা অভিযোগ করেন তিনি।

এব্যাপারে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলমের সঙ্গে কথা বললে তিনি নিজেকে নির্দোষ দাবী করে বলেন, বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও উপজেলার হাট  বাজার ইজারা প্রদানে অনিয়মের প্রতিবাদ করায় সংসদ সদস্যের কয়েকজন লোক অনৈতিক সুবিধা না পেয়ে আমার বিরুদ্ধে লেগেছে। সম্প্রতি তার বদলির আদেশ হলেও তা স্থগিত হয়েছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এ.বি.এম জাফর উল্যাহ, আওয়ামীলীগ নেতা অ্যডভোকেট আনছারি, কামরুজ্জামান রিয়াজসহ আওয়ামী লীগ, যুগলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা।

আরও পড়ুন

×