ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ
×

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০৮:২৩

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে নোয়াখালী জেলা পুুলিশ ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে জেলার ৯টি থানার প্রধান ফটক ও সীমানা দেয়ালে বিভিন্ন সময় বঙ্গবন্ধুর পুলিশ, জনগণ, সিভিল সাভির্স ও বাংলার কৃষক-শ্রমিক এবং জনতা সম্পর্কে দেওয়া উদ্ধৃতিগুলো ফুটিয়ে তোলা হয়েছে।

'পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে 'আগে নিজেরা বদলিয়ে অন্যকে বদলানোর প্রচেষ্টা' এ স্লোগানে উদ্বুদ্ধ হয়ে পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের দিক নির্দেশনায় ও আন্তরিক প্রচেষ্টায় সম্প্রতি এই আয়োজন সম্পন্ন হয়।


এর মাধ্যমে থানায় আসা সাধারণ মানুষ পুলিশ এবং পুলিশের পরিচ্ছন্নতা কার্যক্রম, পুলিশের বিভিন্ন সেবা, জনগণ ও পুলিশের মাঝে সেতুবন্ধন স্বরূপ কমিউনিটি পুলিশিংয়ের সুফলসহ মুজিববর্ষ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে জনসাধারণের জন্য হেল্প ডেস্ক, ওয়ান স্টপ সার্ভিস, ফেসবুক, ফেসবুক গ্রুপ ও নোয়াখালী জেলা পুলিশের ওয়েবসইটের মাধ্যমে জনগণের ডিজিটাল পুলিশিংয়ের সেবা সম্পর্কে জানতে ও বুঝতে পারবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ গঠনে সিভিল সার্ভিস, আইন শৃঙ্খলা ও জনগণের সেবায় পুলিশের ভূমিকা, বাংলার কৃষক-শ্রমিক, জনতা সম্পর্কে যে গভীর চিন্তা ও দৃষ্টিভঙ্গি তা যেন বাংলার জনগণ ও নোয়াখালীবাসী খুব সহজেই জানতে ও বুঝতে পারে তার জন্য নোয়াখালী জেলা পুলিশের এই ব্যতিক্রধর্মী উদ্যোগ। শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার রাজন শাহার তত্ত্বাবধানে এ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়।


জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, 'মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পুলিশ সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সবকয়টি থানা এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। পুলিশের এ উদ্যোগ দেখে যাতে সাধারণ মানুষ নিজেদের বসত বাড়ি ও আঙিনা পরিচ্ছন্ন রাখেন সে উদ্দেশে এ কাজ করা হয়েছে।

আরও পড়ুন

×